Collector
দেশব্যাপী সাড়া জাগানো তিন ঘটনায় পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার | Collector
দেশব্যাপী সাড়া জাগানো তিন ঘটনায় পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার
Jagonews24

দেশব্যাপী সাড়া জাগানো তিন ঘটনায় পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার

দেশব্যাপী সাড়া জাগানো তিন ঘটনায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ নীতিতে বিশ্বাসী। এ নীতির আলোকে পুলিশ বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং তাদের আরও সেবামুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। আরও পড়ুন পুলিশকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং মন্দ কাজের জন্য যথাযথ তিরস্কারের সংস্কৃতি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। পুরস্কারপ্রাপ্তদের কৃতিত্বের মধ্যে ছিল পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার রহস্য উদ্‌ঘাটন, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্বপূর্ণ অভিযান এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চাঞ্চল্যকর ক্লু-লেস কিশোরী হত্যা মামলার সফল তদন্ত। পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে এবং দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেফতার, ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট সম্পন্ন করা, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ এবং সফল তদন্তের মাধ্যমে আদালতকে দ্রুততম সময়ে রায় ঘোষণায় সহায়তা করার জন্য পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন এবং এসআই (নিরস্ত্র) অহিদুজ্জামানসহ মিরপুর জোনের আভিযানিক দলের মোট ৯ জন কর্মকর্তা। দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের বীরত্ব: ঈদুল আজহা পরবর্তী সময়ে নিয়মিত দায়িত্ব পালনকালে দৌলতদিয়া ফেরিঘাটে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে একটি যাত্রীবাহী বাসকে তাৎক্ষণিক খালি করার মাধ্যমে অন্তত ৫০ জন যাত্রীর জীবনরক্ষায় অনন্য ভূমিকা রাখার জন্য মাদারীপুরের চর জানাজাত ও কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আবুজার গিফারীসহ তিনজন নৌ পুলিশ কর্মকর্তা। মুন্সিগঞ্জের গজারিয়ায় ক্লু-লেস কিশোরী হত্যা: নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর লাশের পরিচয় শনাক্তকরণসহ কোনো প্রকার ক্লু ছাড়া আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে মাত্র একদিনের মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার রহস্য উদ্ঘাটন এবং চারজন আসামিকে গ্রেফতার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি নিশ্চিত করার জন্য পিবিআই মুন্সিগঞ্জের এসআই (নিরস্ত্র) রনি দেবনাথসহ তিনজন কর্মকর্তা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। টিটি/এমএএইচ/

Go to News Site