Collector
বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ | Collector
বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ
Jagonews24

বাংলাদেশ-তুরস্কের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ

বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা। দুই দেশের মধ্যে ভবিষ্যতমুখী ও ফলপ্রসূ প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলেও উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সোমবার (৮ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে টিকার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা বৈঠক করেন। সেখানে তারা এসব বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এসব তথ্য জানান। দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টিকার ভাইস প্রেসিডেন্ট ড. আলী এরচান। তিনি ৭ থেকে ১০ জুন পর্যন্ত সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহহীন পথশিশুদের জন্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই জলবায়ু সহনশীলতা গড়ে তোলার ক্ষেত্রে টিকার বিশেষায়িত সহযোগিতা কামনা করেন। ২০১৪ সাল থেকে টিকা বাংলাদেশে টেকসই আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশের জলবায়ুগত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে ড. আলী এরচান তুরস্কে অনুষ্ঠিতব্য আগামী জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ) বাংলাদেশের উচ্চপর্যায়ের (প্রতিনিধি) অংশগ্রহণের সুপারিশ করেন। তিনি শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সক্ষমতা উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে টিকার অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এমইউ/ইএ

Go to News Site