Jagonews24
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে (স্পারসো) একটি স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্পারসো পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোতে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ও স্পারসোর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম। এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তাকে সংশ্লিষ্ট বিভাগ তাদের উদ্ভাবিত ও গবেষণাকৃত কার্যক্রম সম্পর্কে ব্রিফ করে। প্রতিরক্ষা উপদেষ্টা পরিদর্শনকালে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষার সঙ্গে মহাকাশ এবং দূর অনুধাবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন প্রযুক্তিকে কীভাবে দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তায় আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে জোর দেওয়ার জন্য নির্দেশনা দেন তিনি। মহাকাশে বাংলাদেশের তৈরি নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশনা দেন শামছুল ইসলাম। এছাড়া সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র তৈরি ও ভূ-স্থানিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে স্পারসোর ভূমিকা বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট ডেটা এবং গবেষণালব্ধ তথ্যগুলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল ও গবেষণামূলক কাজে আরও দ্রুত ও সহজে কাজে লাগানোর কথা উল্লেখ করেন। তিনি স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও দূর অনুধাবনের সর্বাধুনিক প্রযুক্তিগুলো স্পারসোতে যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির কারিগরি সক্ষমতা এবং মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ যেহেতু প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ, তাই ঘূর্ণিঝড়, বন্যা বা খরার মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা পেতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে দূর অনুধাবন প্রযুক্তিকে আরও নিখুঁতভাবে কাজে লাগানোর নির্দেশনা দেন শামছুল ইসলাম। তিনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটের মাধ্যমে ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা, বনাঞ্চল ও পানিসম্পদ পর্যবেক্ষণের মাধ্যমে সরকারকে সঠিক ডেটা সরবরাহ করার বিষয়ে তাগিদ দেন। প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে সরবরাহ করার জন্য নির্দেশনা দেন। পরিদর্শন শেষে স্পারসোর সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি উপস্থাপনা দেওয়া হয়। এসময় প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম এমন একটি স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করার নির্দেশনা দেন। টিটি/একিউএফ
Go to News Site