বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। রোববার (৭ জুন) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় কক্ষের দেওয়াল ভেঙে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে এগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে। ৪টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি। তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের ছাদের পার্টিশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে ওপর দিক থেকে দেওয়াল ভাঙতে হয়। পরে দেওয়ালের ফাঁকে থাকা এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে সাপ দুটি বিষধর নয়। উদ্ধারের পর এগুলো বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করা হয়। সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছেন। বর্তমানে প্রাণী দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে। পরে অবমুক্ত করা হবে।’ এ বিষয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়। হয়তো সেখান থেকেই সাপ দুটি কার্যালয়ে প্রবেশ করেছে।’ শাওন খান/এসআর/এমএস
Go to News Site