Jagonews24
রাজশাহীর পবায় ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মতিন আলী নামের এক ভ্যানচালকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। পুলিশ অভিযুক্তকে গেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে পবা থানার নওহাটা এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যালয়ের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পবা থানায় একটি মামলা করেছেন। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ৯ বছর বয়সী শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার জন্য দুয়ারী এলাকার মতিন আলীর ভ্যানে ওঠে। পথে ভ্যানচালক শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এসময় শিশুটি বাধা দিলেও মদনহাটি যাওয়ার পথে অভিযুক্ত মতিন আরও কয়েকবার একই ধরনের আচরণ করেন। বাড়িতে পৌঁছে শিশু বিষয়টি তার বাবা ও স্বজনদের জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পবা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম
Go to News Site