Jagonews24
কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। আবার রোববার রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। চারদলীয় জোট আমলে দলের হয়ে কক্সবাজার যাওয়ার প্রায় দুই দশক পর আবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার মাঠ এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থান, কক্সবাজারে খালখনন উদ্বোধনসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়ায় পৌঁছে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল মাঠ, চকরিয়া উপজেলা এবং মাতামুহুরী উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণে বিবেচিত এলাকাগুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পাতলিখাল খনন স্থান পরিদর্শন করে গেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। জেলা বিএনপি ও প্রশাসনের সূত্রমতে, ১৩ জুন রাত ৮টার বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। রাতে কক্সবাজার সার্কিট হাউজে অবস্থানের পর ১৪ জুন সারাদিনের টাইট প্রোগ্রাম রাখা হয়েছে। এদিন বেলা ১১টায় কক্সবাজার সদরের পিএমখালীতে ৪৮ বছর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনঃখনন উদ্বোধন এবং সংক্ষিপ্ত পথসভা করবেন তিনি। দুপুর ১২টায় যাবেন ডুলাহাজারা সাফারি পার্ক। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা এবং পার্ক ঘুরে দেখবেন। এরপর যাবেন জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জেয়ারতে। জেয়ারত শেষে মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর জোহরের নামাজ-ভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় যাবেন চকরিয়ায় বিএনপি জনসভায়। চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভ ও সৈকত পরিদর্শন করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে রাত ৯টার বিমানে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর চকরিয়া-পেকুয়া সফর ও বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে থাকবেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৩ সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রমুখ। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী বলেন, ‘প্রায় দুই দশক আগে চারদলীয় জোট আমলে কক্সবাজার এসেছিলেন তারেক রহমান। কিন্তু এখন আসছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হয়ে। এজন্য আমাদের উচ্ছ্বাসটা একটু বেশি।’ সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম
Go to News Site