Collector
পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ছবিরুল | Collector
পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ছবিরুল
Jagonews24

পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ছবিরুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ- যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। এর আগে আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন বিভাগের সব শিক্ষক। এরই পরিপ্রেক্ষিতে তাকে বিভাগের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি অধ্যাপক ড. ছবিরুল ইসলামকে তার পদ ও সব ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে অব্যাহতির সিদ্ধান্ত স্থগিত করে রায় ঘোষণা করেন হাইকোর্ট। মনির হোসেন মাহিন/এনএইচআর/জেআইএম

Go to News Site