Jagonews24
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আসামিপক্ষে আইনি লড়াইয়ে যুক্ত ছিলেন আইনজীবী আমিনুল গণি টিটো। তার মৃত্যুতে আজ সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলেনি। সব মামলা মূলতবি করা হয়েছে। সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এ বেশ কয়েকটি মামলার শুনানি ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে জানিয়েছেন, রাষ্ট্রীয় খরচে নিযুক্ত (স্টেড ডিফেন্স) আইনজীবী মারা যাওয়াই তার সম্মানে আজ আমরা কোনো মামলার শুনানি করতে চাই না। এর পর আদালত সব মামলা মূলতবি করেছেন। আরও পড়ুন মারা গেছেন আলোচিত আইনজীবী আমিনুল গনি টিটু এক বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আইনজীবী আমিনুল গণির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটির বিচারিক কার্যক্রম মূলতবি রাখা হয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গভীর শোক প্রকাশ করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, আমিনুল গণি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার পেশাগত দক্ষতা, সৌজন্যবোধ এবং আইনপেশার প্রতি নিষ্ঠা সহকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এর আগে, রোববার (৭ জুন) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনুল গণি। তিনি ফৌজদারি আইনের ওপর দক্ষ ছিলেন। আবু সাঈদ হত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন আমিনুল গণি টিটো। এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলার রায় হলেও বাকিগুলো এখনো বিচারাধীন রয়েছে। এফএইচ/এমএমকে
Go to News Site