Collector
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ | Collector
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ
Jagonews24

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জ বাজারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ব্যবসায়ী মোছলেহ উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আলী আকবরের নামে ইজারাকৃত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক শতাংশ জমি দখল করেছেন বলে অভিযোগ। এরই মধ্যে দখল করা জমিতে বিএনপি নেতা দুটি টিনশেড দোকানঘর নির্মাণ করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে শিক্ষক আকবর লক্ষ্মীপুর -৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক তিনজন ব্যবসায়ী জানান, সরকার পরিবর্তনের পর মোছলেহ উদ্দিন তোরাবগঞ্জ বাজারের একাধিক স্থানে পাউবোর জায়গায় মাটি ভরাটসহ দখল করেছেন। পূর্ব বাজারে পাউবোর জমিতে একটি মাদরাসা স্থাপন করে প্রায় ৪০ শতক একটি খাল ভরাট করেছেন। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। সবশেষ তিনি উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আকবরের নামে ইজারাকৃত জমি দখল করে দোকান নির্মাণ করেছেন। অভিযোগে আলী আকবর উল্লেখ করেন, ১৯৭৫ সালে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তিনি তফশিলভুক্ত একটি ভূমি ইজারা নেন। এরপর থেকেই নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে আসছেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ উত্তর বাজারে সড়কের পূর্ব পাশে তার দোকানঘরের জায়গাটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। বিএনপি নেতা মোছলেহ উদ্দিন ঈদুল আজহার বন্ধের সুযোগে তার ইজারাকৃত জমিটি রাতের আঁধারে দখল করেন। পরে সেখানে নির্মাণ করেন দুটি দোকানঘরন। ঈদের ছুটির পর এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি শিক্ষকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক এবং কমলনগর থানায় অভিযোগ দেন। ভুক্তভোগী আলী আকবর বলেন, ‌‘আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতার বড় ভাই কৃষক লীগ নেতা আজিজুল হক ফারুক একই কায়দায় ২০০৯ সালের ২০ জুন ওই জমিটি দখলের চেষ্টা করেন। সেসময়েও বর্তমান এমপি এবং লক্ষ্মীপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে ফারুক মুচলেকা দিয়ে সরে যান। এখন ক্ষমতার পালাবদলে এবার বিএনপির নাম ভাঙিয়ে ওই জমিতে দোকানঘর তৈরি করেছেন।’ এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মোছলেহ উদ্দিন বলেন, ‘তোরাবগঞ্জ বাজারে বেশিরভাগ দোকানপাটই পাউবোর জমিতে। ওই জমিটি পাউবো থেকে আমাদের লিজ নেওয়া আছে।’ লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, ‘বিষয়টি জানা নেই। বিস্তারিত জানা ছাড়া কিছু বলা যাচ্ছে না।’ এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি। কাজল কায়েস/এসআর/জেআইএম

Go to News Site