Jagonews24
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মারামারির মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে তার বাড়ি থেকে টাকা নেওয়ার অভিযোগে উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাককে প্রত্যাহার করা হয়েছে। তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এসআই আব্দুর রাজ্জাককে আঠারবাড়ী ইউনিয়নের রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সেখানে থেকে তিনি নিয়মিত হাজিরা দেবেন এবং সরকারি দায়িত্ব পালন করবেন। ঘটনার সূত্রপাত গত ১ জুন। মারামারি মামলার আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতারের উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েতনগর গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুর রাজ্জাক। অভিযোগ রয়েছে, আসামিকে না পেয়ে পুলিশ তার বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরে থাকা নগদ ২৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন আসামির স্ত্রী কমলা বেগম। কমলা বেগমের অভিযোগ, ঈদ উপলক্ষে দুটি ছাগল বিক্রি করে পাওয়া ৩৪ হাজার টাকা ঘরে রাখা ছিল। এর মধ্যে ৮ হাজার ৫০০ টাকা কিস্তি পরিশোধের জন্য আলাদা রাখা হয়েছিল। বাকি ২৫ হাজার ৫০০ টাকা কাপড়ের ভাঁজে একটি কৌটার মধ্যে রাখা ছিল, যা তল্লাশির সময় নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে এসআই আব্দুর রাজ্জাক দাবি করেছিলেন, কমলা বেগম একজন চিহ্নিত মাদক কারবারি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, এসআই আব্দুর রাজ্জাককে প্রত্যাহারের আদেশ থানায় পৌঁছেছে এবং তিনি ইতোমধ্যে পুলিশ লাইন্সে সংযুক্ত হয়েছেন। হোসাইন সুলভ/এনএইচআর/জেআইএম
Go to News Site