Collector
বিএনপিকে আইসিএপিপির স্থায়ী কমিটিতে যোগ দেওয়ার আহ্বান | Collector
বিএনপিকে আইসিএপিপির স্থায়ী কমিটিতে যোগ দেওয়ার আহ্বান
Jagonews24

বিএনপিকে আইসিএপিপির স্থায়ী কমিটিতে যোগ দেওয়ার আহ্বান

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলনের মহাসচিব অ্যাম্বাসেডর ওহ সং-এর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সোমবার (৮ জুন) বিকেলে ঢাকায় সফররত এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলনের মহাসচিব অ্যাম্বাসেডর ওহ সং বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। বৈঠকে এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলনের মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংস্থাটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান। তিনি জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে বিএনপির অংশগ্রহণ কামনা করেন। একই সঙ্গে তিনি আগামী নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য সংস্থাটির ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ মহাসচিবের এ আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলনের এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এ অঞ্চলে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার অধিকতর সুযোগ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষই ভবিষ্যতে বিএনপি ও এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলনের মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কেএইচ/এমআইএইচএস

Go to News Site