Collector
ত্রিমুখী শিরোপা লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে মোহামেডান | Collector
ত্রিমুখী শিরোপা লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে মোহামেডান
Jagonews24

ত্রিমুখী শিরোপা লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে মোহামেডান

গত দুইবারের টানা ও সর্বাধিকবারের চ্যাম্পিয়ন আবাহনী হিসাবের বাইরে চলে যায়নি। পাশাপাশি প্রাইম ব্যাংকও শিরোপা দৌড়ে ঠিকই ছিল; কিন্তু তারপরও আজকের আগে পর্যন্ত লিগ দৌড়ে সবার ওপরে ছিল মোহামেডান। কারণ, নবম রাউন্ড শেষে ৮ খেলায় জিতে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান পয়েন্ট সংগ্রহে দুই নিকট প্রতিদ্বন্দ্বী আবাহনী আর প্রাইম ব্যাংকের চেয়ে এগিয়ে ছিল। তাই এতদিন হিসাবটা শুধু মোহামেডানের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু আজ সোমবার দশম রাউন্ডে মোহামেডান ঢাকা লেপার্ডসের কাছে হেরে যাওয়ায় পুরো লিগের চালচিত্র পাল্টে গেছে। নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। নতুন সমীকরণও। সেই সমীকরণে এখন মোহামেডানের পাশাপাশি উঠে এলো আবাহনী আর প্রাইম ব্যাংকও। আবাহনী আর প্রাইম ব্যাংক আগেই সমান দুটি ম্যাচ হেরে আছে। আজ সোমবার মোহামেডানও দ্বিতীয় ম্যাচে হারের তেতো স্বাদ নিল। কাজেই এখন মোহামেডান, আবাহনী আর প্রাইম ব্যাংকের পয়েন্ট (১০ খেলায় ৮ জয় ও ২ পরাজয়ে ১৬ করে) সমান সমান। তিন দলেরই একটি করে ম্যাচ বাকি। প্রাইম ব্যাংকের শেষ খেলা ঢাকা লেপার্ডসের সঙ্গে। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আর আবাহনীর খেলাও বাকি। এই অবস্থায় তিন দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ও সম্ভাবনা আছে। তবে খালি চোখে আবাহনীর হিসাবটা তুলনামূলক সহজতর। শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাতে পারলে আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ১৮ (১১ খেলায়)। আর মোহামেডান ১১ ম্যাচে ১৬ পয়েন্টেই স্থির থাকবে। ভাবছেন প্রাইম ব্যাংকের কী অবস্থা? প্রাইম ব্যাংকেরও শিরোপা জেতার সম্ভাবনা আছে। সেটা কিভাবে? মোহামেডান যদি আবাহনীকে হারিয়ে দেয়, তখন আবাহনী ২ পয়েন্ট পিছিয়ে পড়বে। সেক্ষেত্রে প্রাইম ব্যাংক যদি শেষ খেলায় ঢাকা লেপার্ডসের বিপক্ষে জিতে যায়, তখন মোহামেডান আর প্রাইম ব্যাংকের পয়েন্ট হয়ে যাবে সমান ১৮ করে। তখন হেড টু হেডে লিগ শিরোপার নিষ্পত্তি হবে। প্রাইম ব্যাংক যেহেতু মোহামেডানকে হারিয়ে বসে আছে, তাই হেড টু হেডে প্রাইম ব্যাংক হয়ে যাবে চ্যাম্পিয়ন। মোহামেডানকে আবারও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হবে। ১৭ বছরের মাথায় এসে মোহামেডানকে লিগ শিরোপা পুনরুদ্ধার করতে হলে রীতিমতো ভাগ্যেরও আনুকূল্য লাগবে। সেটা কেমন? প্রথমত, আবাহনীর সঙ্গে শেষ ম্যাচ জিততে হবে। তখন ১১ খেলায় ১৮ পয়েন্ট হবে। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে না। কারণ আবাহনী শেষ খেলায় মোহামেডানের কাছে হারলেও প্রাইম ব্যাংকের সমান সুযোগ ও সম্ভাবনা আছে পয়েন্টে মোহামেডানকে ছোঁয়ার। সেক্ষেত্রে ঢাকা লেপার্ডসকে হারাতে হবে। তখন মোহামেডান আর প্রাইম ব্যাংকের পয়েন্ট সমান হলে হেড টু হেডে চ্যাম্পিয়ন দল নির্ধারণ হবে। যেহেতু মোহামেডানের বিপক্ষে জয় আছে, তাই প্রাইম ব্যাংকই হবে লিগ বিজয়ী। তার মানে মোহামেডানের লিগ জেতাই সবচেয়ে কঠিন। আবাহনী আর প্রাইম ব্যাংকের চাই শুধু শেষ ম্যাচ জয়। আবাহনী আর প্রাইম ব্যাংক শেষ ম্যাচ জিতলে আবার আবাহনী টানা তৃতীয়বার শিরোপা বিজয়ের উৎসবে মেতে উঠবে। কারণ হেড টু হেডে প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে জিতে অ্যাডভান্টেজ পজিশনে আছে আকাশী-হলুদরা। এখন দেখা যাক বাস্তবে কী ঘটে। আরও একটি দেখার বিষয় আছে। তা হলো লিগের শেষ রাউন্ড কবে হয়? শোনা যাচ্ছে, যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দল আর জিম্বাবুয়ের সঙ্গে ‘এ’ দল খেলছে, সেখানে ২৯ ক্রিকেটার ব্যস্ত থাকায় সব দলকে বিকল্প খেলোয়াড়ে গড়া দলের ওপর নির্ভর করে খেলতে হচ্ছে। শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ শেষে লিগের শেষ রাউন্ড আয়োজনের চিন্তাভাবনা চলছে। একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, ২২ জুন হতে পারে লিগের শেষ রাউন্ড। এআরবি/আইএইচএস

Go to News Site