Jagonews24
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছর বয়সী শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর (২২) নামের এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। গ্রেফতার ইসানুর সুনামগঞ্জের দিরাই থানার মাছিমপুর গ্রামের আব্দুল হাদিসের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জের ডহরগাঁও গ্রামের মোজাম্মেল হকের ভাড়াটিয়া বাড়িতে শিক্ষক ইসানুর থাকতেন। সেখানে তিনি পাশের একটি কক্ষে কয়েকজন শিশু-কিশোরকে আরবি প্রাইভেট পড়াতেন। সোমবার সকালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে শিশু ছাত্রীটিও আরবি প্রাইভেট পড়ার জন্য সেখানে যায়। পরে ওজু শেখানোর নাম করে অভিযুক্ত ইসানুর শিশুটিকে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতার প্রাইভেট শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।\' নাজমুল হুদা/এসআর/জেআইএম
Go to News Site