Collector
বিশ্বকাপে ফিরছে ‘ডেজার্ট ফক্স’রা, আলজেরিয়ার নতুন স্বপ্ন | Collector
বিশ্বকাপে ফিরছে ‘ডেজার্ট ফক্স’রা, আলজেরিয়ার নতুন স্বপ্ন
Jagonews24

বিশ্বকাপে ফিরছে ‘ডেজার্ট ফক্স’রা, আলজেরিয়ার নতুন স্বপ্ন

চার যুগেরও বেশি সময় ধরে আফ্রিকান ফুটবলের অন্যতম পরিচিত নাম আলজেরিয়া। বিশ্বকাপের ইতিহাসে কখনো চমক, কখনো বেদনা, কখনো অবিশ্বাস্য লড়াই- সব মিলিয়ে ‘লে ফেনেক’দের গল্পটা আলাদা। ২০২৬ ফিফা বিশ্বকাপে দীর্ঘ ১২ বছর পর আবারও ফিরছে উত্তর আফ্রিকার দেশটি। ২০১৪ সালের স্মরণীয় অভিযানের পর এবার নতুন আশা নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে নামবে রিয়াদ মাহরেজরা। আলজেরিয়ার এটি হবে বিশ্বকাপে পঞ্চম অংশগ্রহণ। এর আগে তারা খেলেছে ১৯৮২, ১৯৮৬, ২০১০ ও ২০১৪ আসরে। বিশ্বকাপে এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য ২০১৪ সালে শেষ ষোলোতে ওঠা। ব্রাজিল বিশ্বকাপে জার্মানিকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়ে দুর্দান্ত লড়াই করেছিল তারা। এবার ৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপে আবারও নজর কাড়তে প্রস্তুত ‘ডেজার্ট ফক্স’রা। পেতকোভিচের অধীনে নতুন আলজেরিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলজেরিয়ার দায়িত্ব নেন ভ্লাদিমির পেতকোভিচ। বসনিয়ার সারায়েভোতে জন্ম নেওয়া এই কোচ দীর্ঘদিন সুইজারল্যান্ডে কোচিং করিয়েছেন। বেলিনজোনা, ইয়ং বয়েজ, লাৎসিও, বোর্দো- সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। লাৎসিওকে ২০১৩ সালে কোপা ইতালিয়া জেতানোর পাশাপাশি সুইজারল্যান্ড জাতীয় দলকে ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো এবং ইউরো ২০২০-এর কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। আলজেরিয়ার দায়িত্ব নেওয়ার পরই দলকে আফ্রিকান নেশনস কাপ ২০২৫ এবং বিশ্বকাপ ২০২৬-এ তুলে আনেন। তার অধীনে আত্মবিশ্বাসী এক আলজেরিয়াকে দেখা যাচ্ছে। অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবলের মিশেলে দলটিকে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে নিয়ে গেছেন পেতকোভিচ। বিশ্বকাপের গ্রুপ ও সূচি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া খেলবে কঠিন এক গ্রুপে। গ্রুপ- `জে‘তে প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়া। আলজেরিয়ার ম্যাচ সূচি: * ১৬ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি স্টেডিয়াম* ২২ জুন: জর্ডান বনাম আলজেরিয়া- সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম* ২৭ জুন: আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি স্টেডিয়াম রিয়াদ মাহরেজদের ওপর ভরসা ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফিরছে আলজেরিয়া। অভিজ্ঞ ও পরিচিত মুখদের নিয়েই দল সাজিয়েছেন পেতকোভিচ। অধিনায়ক রিয়াদ মাহরেজ থাকছেন দলের নেতৃত্বে। এছাড়া রামি বেনসেবাইনি, নাবিল বেনতালেব ও আইসা মান্দির মতো অভিজ্ঞ ফুটবলারও আছেন দলে। বিশেষ আকর্ষণ লুকা জিদান। ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে এবার আলজেরিয়ার হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। গত বছর তিনি আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। যেভাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকাপ নিশ্চিত করে আলজেরিয়া। নবম ম্যাচডেতে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে তারা নিশ্চিত করে টিকিট। পুরো বাছাইপর্বে মাত্র একটি ম্যাচ হেরেছে আলজেরিয়া। ২০২৪ সালের ৬ জুন গিনির বিপক্ষে ২-১ গোলের হার ছাড়া তাদের ঝুলিতে ছিল ৮ জয় ও ১ ড্র। এই অভিযানের সবচেয়ে বড় নায়ক মোহাম্মদ আমুরা। গ্রুপ ‘জি’-তে তিনি একাই করেছেন ১০ গোল। যেখানে অন্য কোনো খেলোয়াড় তিনটির বেশি গোল করতে পারেননি। আলজেরিয়ার বিশ্বকাপ ইতিহাস * কনফেডারেশন: সিএএফ* সেরা ফল: শেষ ষোলো (২০১৪)* সর্বশেষ বিশ্বকাপ: ব্রাজিল ২০১৪* প্রথম বিশ্বকাপ: স্পেন ১৯৮২* মোট অংশগ্রহণ: ৫ বার (১৯৮২, ১৯৮৬, ২০১০, ২০১৪, ২০২৬)* মোট ম্যাচ: ১৩* জয়: ৩* ড্র: ৩* হার: ৭* গোল করেছে: ১৩* গোল হজম: ১৯ ১৯৮২: বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন স্পেন ১৯৮২ বিশ্বকাপে অভিষেক হয় আলজেরিয়ার। আর প্রথম ম্যাচেই তারা চমকে দেয় পুরো বিশ্বকে। কার্ল-হেইঞ্জ রুমেনিগের পশ্চিম জার্মানিকে হারিয়ে দেয় ২-১ গোলে। বিশ্বকাপে ইউরোপিয়ান দলকে হারানো প্রথম আফ্রিকান দেশ হয় আলজেরিয়া। তবে সেই আসর শেষ হয় বিতর্কে। গ্রুপে দুটি ম্যাচ জিতেও গোল ব্যবধানে বাদ পড়ে তারা। অস্ট্রিয়া ও পশ্চিম জার্মানির সেই কুখ্যাত ‘ডিসগ্রেস অব গিজন’ ম্যাচ আজও ফুটবল ইতিহাসে বিতর্কিত অধ্যায় হয়ে আছে। ২০১৪: জার্মানিকে কাঁপানো আলজেরিয়া ব্রাজিল বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স করে আলজেরিয়া। গ্রুপ পর্বে বেলজিয়ামের কাছে হারলেও দক্ষিণ কোরিয়াকে ৪-২ গোলে হারায় তারা। এরপর রাশিয়ার সঙ্গে ১-১ ড্র করে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করে। নকআউট পর্বে প্রতিপক্ষ ছিল জার্মানি। সেই জার্মানিই পরে বিশ্বকাপ জেতে। কিন্তু আলজেরিয়া তাদের অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেয়। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিদায় নিলেও গোটা বিশ্ব মুগ্ধ হয়েছিল তাদের লড়াইয়ে। তৎকালীন কোচ ভাহিদ হালিলহোজিচ বলেছিলেন, `সবাই ভেবেছিল আমরা পাঁচ-ছয় গোল খাবো। কিন্তু আমরা প্রায় নিখুঁত ফুটবল খেলেছিলাম। ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম ‘আলজেরি, আলজেরি’ বলে চিৎকার করছিল।‘ স্মরণীয় মুহূর্ত আলজেরিয়ার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি ১৯৮২ সালে পশ্চিম জার্মানিকে হারানো। রাবাহ মাজের সেই ম্যাচে করেছিলেন আলজেরিয়ার প্রথম বিশ্বকাপ গোল। আরেকটি স্মরণীয় অধ্যায় ২০১৪ সালে জার্মানির বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ। টুর্নামেন্টজুড়ে তারা হয়ে উঠেছিল নিরপেক্ষ দর্শকদের প্রিয় দল। বিশ্বকাপে আলজেরিয়ার সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে আলজেরিয়ার ১৩ গোল এসেছে ১০ জন ভিন্ন ফুটবলারের কাছ থেকে। তিনজন খেলোয়াড় করেছেন দুটি করে গোল। * সালাহ আসাদ: ২ গোল* আবদেলমুমেন জাবু: ২ গোল* ইসলাম স্লিমানি: ২ গোল ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জাবু ও স্লিমানি দুজনই গোল করেছিলেন। স্লিমানি রাশিয়ার বিপক্ষেও গুরুত্বপূর্ণ গোল করেন, যা আলজেরিয়াকে শেষ ষোলোতে তুলেছিল। সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার রাফিক হাল্লিশে আলজেরিয়ার হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। ২০১০ ও ২০১৪ মিলিয়ে মোট সাত ম্যাচ খেলেন তিনি। জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে বদলি হওয়ার আগে পর্যন্ত প্রায় প্রতিটি ম্যাচেই ছিলেন মাঠে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি গোলও করেছিলেন এই ডিফেন্ডার। নতুন স্বপ্নের সামনে আলজেরিয়া দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফিরছে আলজেরিয়া। অভিজ্ঞতা, তারকা শক্তি ও নতুন প্রজন্মের সমন্বয়ে এবারও তারা হতে পারে বড় চমকের নাম। আর্জেন্টিনার মতো পরাশক্তি থাকা সত্ত্বেও ‘ডেজার্ট ফক্স’দের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০১৪ সালের মতো আরেকটি রূপকথা লেখার স্বপ্ন নিয়েই উত্তর আমেরিকার পথে মাহরেজরা।

Go to News Site