Jagonews24
সকালের নাস্তা করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সারা রাত না খেয়ে থাকার পর শরীর প্রথমবার খাবার পায় সকালের খাবারের মাধ্যমে। তাই চিকিৎসক ও পুষ্টিবিদরা সবসময় পুষ্টিকর এবং সুষম নাস্তা খাওয়ার পরামর্শ দেন। তবে সমস্যা হলো, স্বাস্থ্যকর মনে করে অনেকেই এমন কিছু খাবার নিয়মিত খাচ্ছেন, যেগুলো আসলে শরীরের জন্য খুব একটা উপকারী নয়। বরং দীর্ঘদিন খেলে এসব খাবার ওজন বৃদ্ধি, রক্তে শর্করার ভারসাম্যহীনতা এবং হজমের সমস্যার মতো নানা ঝুঁকি তৈরি করতে পারে। মাল্টিগ্রেন ব্রেড কি সত্যিই স্বাস্থ্যকর? অনেকেই সাধারণ পাউরুটির বদলে মাল্টিগ্রেন ব্রেড বেছে নেন। কারণ এটি দেখতে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হিসেবে প্রচার করা হয়। কিন্তু সব মাল্টিগ্রেন ব্রেড সমান উপকারী নয়। বাজারে পাওয়া অনেক প্যাকেটজাত ব্রেডে পরিশোধিত ময়দা, সংরক্ষণকারী উপাদান এবং বিভিন্ন রাসায়নিক অ্যাডিটিভ ব্যবহার করা হয়। ফলে শুধু ‘মাল্টিগ্রেন’ লেখা দেখেই সেটিকে শতভাগ স্বাস্থ্যকর ধরে নেওয়া ঠিক নয়। কেনার আগে উপাদানের তালিকা ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন। ফ্লেভার্ড ইয়োগার্ট দই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে স্ট্রবেরি, ভ্যানিলা বা আমের স্বাদের ফ্লেভার্ড ইয়োগার্ট অনেকের সকালের নাস্তার অংশ হয়ে উঠেছে। সমস্যা হলো, এসব ইয়োগার্টে প্রায়ই অতিরিক্ত চিনি, কৃত্রিম রং এবং ফ্লেভার যোগ করা হয়। ফলে সাধারণ টক দইয়ের তুলনায় এগুলোর স্বাস্থ্যগুণ অনেক কমে যায়। অতিরিক্ত চিনি শরীরে নানা ধরনের বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। ফলের রস এড়িয়ে চলবেন যে কারণে ফলের রস স্বাস্থ্যকর, এই ধারণা প্রায় সবার মধ্যেই রয়েছে। কিন্তু বাজারে বিক্রি হওয়া অনেক প্যাকেটজাত জুসে প্রকৃত ফলের পরিমাণ খুব কম থাকে। এর বদলে চিনি, কৃত্রিম রং, ফ্লেভার এবং সংরক্ষণকারী উপাদান যোগ করা হয়। ফলে এটি শরীরের জন্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করতে পারে। বিশেষজ্ঞরা বলেন, ফলের রসের বদলে সরাসরি ফল খাওয়া বেশি উপকারী, কারণ এতে আঁশও পাওয়া যায়। হাই-ফাইবার সিরিয়াল সবসময় ভালো নয় ওজন নিয়ন্ত্রণ বা স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই সকালে হাই-ফাইবার সিরিয়াল খেয়ে থাকেন। কিন্তু বাজারে পাওয়া অনেক সিরিয়ালে অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত উপাদান থাকে। ফলে এগুলো রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। এর পরিবর্তে ঘরে তৈরি ওটস, রুটি বা অন্যান্য প্রাকৃতিক খাবার বেশি উপকারী হতে পারে। সকালের নাস্তায় যেসব খাওয়া ভালো বিশেষজ্ঞদের মতে, সকালের নাস্তায় এমন খাবার রাখা উচিত যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ডিম, দুধ, টক দই, ওটস, ফল, শাকসবজি, রুটি কিংবা ভাতের মতো সাধারণ ও প্রাকৃতিক খাবারই সবচেয়ে ভালো বিকল্প হতে পারে। এগুলো শরীরকে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে সাহায্য করে।সকালের নাস্তা শুধু দিনের প্রথম খাবার নয়, এটি সারাদিনের শক্তি ও স্বাস্থ্যের ভিত্তি। তাই শুধু হেলদি ট্যাগ দেখে কোনো খাবার বেছে না নিয়ে তার উপাদান সম্পর্কে সচেতন হওয়া জরুরি। সূত্র: হেলথলাইন, মেডিকেল নিউজ টুডে আরও পড়ুন প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে যেসব খাবার আরও পড়ুন আমরা প্রতিদিন যা খাই, তা কি সত্যিই নিরাপদ? এসএকেওয়াই
Go to News Site