Jagonews24
আগামী বছরের (২০২৭ সালের) হজ কার্যক্রমের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ সময় সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজের রোডম্যাপ ধর্মমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। রোডম্যাপ অনুসারে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজচুক্তি। আগামী বছরের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখাসাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ্ব) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের হজ। এছাড়া, সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এবছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) গ্রহণের নিমিত্ত চুক্তি সই শুরু হবে চলতি বছরের ২৯ জুলাই এবং তা শেষ হবে আগামী বছরের ২৩ জানুয়ারি। হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে আগামী ১৪ আগস্ট থেকে পরের বছরের ২৮ জানুয়ারির মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি সই ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে। ঘোষিত এ রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আরএমএম/এমএএইচ
Go to News Site