Jagonews24
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। উইকেটে যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস দেখা গিয়েছিল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে উইকেট কিছুটা বাদামি রঙ দেখা গেছে। মিরপুরকে ঘিরে একটা সাধারণ ধারণা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে যে এটি মূলত স্পিন সহায়ক উইকেট, কিংবা এখানে সবসময়ই ব্যাটিং কঠিন হয়। তবে সেই ধারণার সঙ্গে একমত নন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, মিরপুরেও ভালো মানের উইকেট তৈরি করা সম্ভব এবং সাম্প্রতিক সময়ে সেটার প্রমাণও মিলেছে। সোমবার সিরিজের প্রথম ওয়ানডেকে সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘একটা জিনিস সবার মাইন্ডসেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি। এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট দুই-তিনটা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে।’ তিনি আরও জানান, ভালো উইকেটে খেলা দলের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ‘আমরা চেষ্টা করবো ভালো উইকেটে খেলার জন্য। কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্সটা খুবই ইম্পোর্ট্যান্ট।’ আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে ভালো প্রস্তুতির ওপরও জোর দেন অধিনায়ক, ‘যেহেতু আমাদের সামনে বিশ্বকাপ আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্স গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে।’ সবশেষে তিনি বলেন, নিজেদের কন্ডিশন সম্পর্কে জানাশোনা এবং সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে ভালো ফল পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। মিরাজ বলেন, ‘আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি উইকেটটা সম্পর্কে। বোলাররা লাস্ট দুই-তিনটা সিরিজে ভালো করছে, ব্যাটসম্যানরাও রান করছে। দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে, অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারব।’ এসকেডি/আইএন
Go to News Site