Jagonews24
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর রেদুয়ান মাহমুদ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রেদুয়ান মাহমুদ চিকাজানীর খোলাবাড়ি গ্রামের আলিম মিয়ার ছেলে। সে স্থানীয় ইদ্রিসিয়া দারুল উলুম মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৬ জুন) বিকেলে রেদুয়ান পরিবারের সদস্যদের অগোচরে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার শহিদুল ইসলাম বলেন, ‘ওইদিন ডুবুরি দল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে। সোমবার দুপুরে চর ডাকাতিয়া হাজারী এলাকায় যমুনা নদীতে রেদুয়ানের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন।’ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম
Go to News Site