Jagonews24
কয়েক মাস আগেই তখনকার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন মেহেদী হাসান মিরাজ দলে থাকলে মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা নেই। সেই মোসাদ্দেক যখন দলে এলেন মিরাজ অধিনায়ক। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আগামীকাল প্রায় ৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মোসাদ্দেক। এর আগে আজ অধিনায়ক মিরাজ বলে গেলেন দলে দায়িত্ব প্রায় একই হলেও যে যারটা পালন করবেন। এতে কোনো সমস্যাও দেখেন না বাংলাদেশ অধিনায়ক। সোমবার সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি আর মোসাদ্দেক কিন্তু একসাথে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি । আমার কাছে মনে হয় এটা কোনো ইস্যু না। মোসাদ্দেক মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলাম বোলিং অলরাউন্ডার। দুইজনের রোলটা ডিফারেন্ট। আমার কাছে মনে হয় যে ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং টিমের জন্য অনেক বিরাট হেল্প হবে। দিন শেষে আমরা সবাই চিন্তা করি যে টিমটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমার কাছে মনে হয় আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে যেভাবে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছে। যদি সুযোগ আসে, ভালো করবে।’ মোসাদ্দেকের বোলিং নিয়ে মিরাজের মূল্যায়ন, ‘ আমাদের এরকম একটা যদি অপশন থাকে টিমের জন্য অনেক হেল্প হবে। আপনি যখন পাঁচটা বোলার নিয়ে খেলবেন আর একটা এক্সট্রা বোলার থাকবে তখন অধিনায়ক হিসেবে আত্মবিশ্বাস থাকবে। একটা বোলারের খারাপ দিন যেতেই পারে। একটা ব্যাকআপ হিসেবে বোলার থাকলে টিমের ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর আমার কাছে মনে হয় যে সে ডমিস্টিক এ অনেক ভালো বোলিং করেছে এবং সে প্রুভেন।’ এসকেডি/আইএন/জেআইএম
Go to News Site