Collector
Giriş Yap
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত | Collector
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই ঘটনায় উদ্ধার কাজে নিয়োজিত রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বুধবার (১০ জুন) সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি উদ্ধারে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনেরও একটি বগি লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওসি আরও জানান, লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হয়। তবে উদ্ধার অভিযানে যাওয়ার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে রিলিফ ট্রেনটি উদ্ধার করার কাজ চলছে। সেটি উদ্ধার করা সম্ভব হলে পরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেলপথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে। হোসাইন সুলভ/এফএ/এএসএম

Go to News Site