Jagonews24
মৌসুমি বায়ুর বিস্তার লাভ করেছে দেশের প্রায় অর্ধেক এলাকাজুড়ে। এসব এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। এ অবস্থায় আজ দেশের চার বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বাকি চার বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বুধবার (১০ জুন) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি বছর এক সপ্তাহ দেরিতে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। বর্তমানে মৌসুমি বায়ু চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দিকে ছড়িয়ে পড়েছে। কিছুদিনের মধ্যে সারাদেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করলে দেশজুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। আরএএস/এমএমকে
Go to News Site