Jagonews24
ইরান থেকে হরমুজ প্রণালির দিকে ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। শুক্রবার (৫ জুন) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দি হিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড শুক্রবার এক্সে জানায়, কিছুক্ষণ আগে সেন্টকমের বাহিনী হরমুজ প্রণালির দিকে উৎক্ষেপণ করা ইরানের চারটি একমুখী আক্রমণাত্মক ড্রোন গুলি করে ধ্বংস করেছে। সেন্টকমের দাবি, এই আক্রমণাত্মক ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল। তারা আরও জানায়, পরবর্তী হামলা প্রতিরোধ ও আত্মরক্ষার স্বার্থে মার্কিন বাহিনী ইরানের গোরুক এবং কেশম দ্বীপে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। উল্লেখ্য, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে টানা ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান। এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। ইরানের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৪০ দিনের যুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ হাজার ৩৭৫ জন ইরানি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন। কেএম
Go to News Site