Somoy TV
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানে পৌঁছেছেন। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে একটি ‘বিশেষ চিঠি’ দিতে ইরানে যান তিনি।১০০ দিন আগে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর বলে জানা গেছে। শনিবার (৬ জুন) গভীর রাতে নাকভি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। এরপর তার ইরানি প্রতিপক্ষ ইস্কান্দার মোমেনির সঙ্গে সাক্ষাৎ করেন। নাকভি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা অন্যান্য বিষয়ের পাশাপাশি ‘সর্বশেষ আঞ্চলিক ঘটনাবলী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত বিষয়াবলী’ নিয়ে আলোচনা করেছেন। আরও পড়ুন:‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নির্ভর করছে তেহরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ছাড়ের ওপর’ তার আগমনের আগে ইরানি গণমাধ্যম জানিয়েছিল যে, এই পাকিস্তানি কর্মকর্তা সর্বোচ্চ নেতার জন্য তার দেশের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি চিঠি নিয়ে আসছেন। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক যান চলাচলের জন্য হুমকিস্বরূপ দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে শুক্রবার মার্কিন বাহিনী জানায়, তারা কুয়েত ও বাহরাইনের দিকে ধেয়ে আসা সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর কয়েক ঘণ্টা আগে তারা প্রণালীটির দিকে উৎক্ষেপিত চারটি ইরানি ড্রোন ভূপাতিত করেছিল। আরও পড়ুন:ট্রাম্পের সঙ্গে মোজতবার দেখা হওয়ার সম্ভাবনা নাকচ ইরানেরএদিকে, আল জাজিরা জানায়, পাল্টাপাল্টি হামলা ও বিক্ষিপ্ত গোলাগুলি সত্ত্বেও যুদ্ধ শেষ করার একটি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, কিন্তু একটি সমঝোতা এখনও হয়নি। এই সমঝোতার প্রক্রিয়া চালাতেই পাকিস্তানের পক্ষ থেকে নাকভি ইরান সফরে যান।
Go to News Site