Jagonews24
মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা। এসময় কুষ্টিয়া–প্রাগপুর মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ফলে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। রোববার (৭ জুন) দুপুরে হোসেনাবাদ সেন্টারপাড়ার স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ সম্মতি দেয়নি। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেন। শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু বলেন, ‘সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেয়। বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকা মজুরিতে সংসার চালানো অসম্ভব। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।’ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীরা দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। আল-মামুন সাগর/এমএস
Go to News Site