Jagonews24
ভেনেজুয়েলার সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগেনি। এই বৈঠকে ভেনেজুয়েলায় বসবাসরত ইরানি নাগরিকদের অবস্থা এবং দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন আরাঘচি। এছাড়াও বৈঠকে ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি এবং তেহরান-কারাকাস যৌথ সহযোগিতার অগ্রগতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন রাষ্ট্রদূত চেগেনি। ইরান ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বজায় রাখা এবং আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা না হলেও ইরান ও ভেনেজুয়েলা বহু বছর ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশ জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত খাতে সহযোগিতা সম্প্রসারণ করেছে। সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও তেহরান ও কারাকাস তাদের কৌশলগত অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী বলে বৈঠকটি ইঙ্গিত দিচ্ছে।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নৌপথ ও জ্বালানি অবকাঠামো ব্যাহত হয়েছে এবং তেল, গ্যাস ও জ্বালানির দাম বেড়েছে। এতে দক্ষিণ এশিয়াজুড়ে জ্বালানি ঘাটতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি কারাকাসে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন অভিযানের সময় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদেরকে হেলিকপ্টারে করে ক্যারিবীয় অঞ্চলে একটি মার্কিন জাহাজে নেওয়া হয়। সেখান থেকে গুয়ানতানামো বে নেভাল বেজে স্থানান্তর করা হয় এবং পরবর্তীতে বিমানে করে নিউইয়র্কে নেওয়া হয়। কেএম
Go to News Site