Collector
নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস | Collector
নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস
Jagonews24

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

অ্যাপলের মালিকানাধীন অডিও ব্র্যান্ড বিটস খুব শিগগিরই নতুন একটি ওভার-ইয়ার হেডফোন বাজারে আনতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি স্পেনের ফুটবল তারকা লামিন ইয়ামাল-এর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে একটি অঘোষিত বিটস হেডফোন দেখা গেছে, যা প্রযুক্তি বিশ্বের নজর কাড়ছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে ইয়ামালকে উজ্জ্বল গোলাপি রঙের একটি বিটস হেডফোন ব্যবহার করতে দেখা যায়। কখনো সেটি তার গলায় ঝুলছিল, আবার কখনও ব্যাগের সঙ্গে লাগানো অবস্থায় দেখা গেছে। হেডফোনটির ইয়ার কাপের ওপর বিটসের পরিচিত ‘বি’ লোগো স্পষ্টভাবে দেখা যায়। তবে এর নকশা বর্তমানে বাজারে থাকা বিটস স্টুডিও প্রো মডেলের তুলনায় বেশ আলাদা বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ফাঁস হওয়া ছবিগুলো প্রকাশের কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এফসিসি-এর নথিতে এ৩৫৭৭ মডেল নম্বরের একটি অজানা অডিও ডিভাইসের তথ্য সামনে আসে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই ডিভাইসের ডিজাইন এবং ইয়ামালের ব্যবহৃত হেডফোনের মধ্যে বেশ মিল রয়েছে। ফলে অনেকেই মনে করছেন, এটি বিটসের পরবর্তী প্রজন্মের হেডফোন হতে পারে। নতুন হেডফোনটিতে আগের তুলনায় কিছু ডিজাইন পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। হেডব্যান্ডের সঙ্গে ইয়ার কাপের সংযোগ অংশ আরও সরু করা হয়েছে এবং ইয়ার কাপের বাইরের অংশও তুলনামূলকভাবে সমতল দেখা যাচ্ছে। এর ফলে ডিভাইসটি আরও আধুনিক ও হালকা ডিজাইনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি ২০২৩ সালে বাজারে আসা বিটস স্টুডিও প্রো-এর উত্তরসূরি হতে পারে। যদিও এখন পর্যন্ত বিটস বা অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে নিয়মক সংস্থার নথিতে উপস্থিতি এবং জনপ্রিয় ক্রীড়াবিদের মাধ্যমে প্রকাশ্যে আসা দুই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে পণ্যটির ঘোষণা খুব বেশি দূরে নয়। এখন দেখার বিষয়, নতুন এই হেডফোনে অ্যাপলের উন্নত অডিও প্রযুক্তি, নয়েজ ক্যানসেলেশন বা নতুন কোনো চিপসেট যুক্ত করা হয় কি না। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষা করতেই হবে। আরও পড়ুনহেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?রাস্তাঘাটে এয়ারপড হারিয়ে ফেলেন? মুহূর্তেই খুঁজে দেবে ফোনের ফিচার কেএসকে

Go to News Site