Somoy TV
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। দলের দুই তারকা ক্রিকেটার ট্রাভিস হেড ও মিচেল মার্শকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের। চোটের কারণে দলে নেই লেগস্পিনার তানভীর সাংঘা'ও। তাদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ম্যাট শর্ট, অলিভার পিক এবং অফস্পিনার টড মারফিকে।গোড়ালির চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না মার্শ। যদিও তিনি ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি শুরু করবেন। অন্যদিকে, ব্যক্তিগত কারণে পুরো বাংলাদেশ সফর থেকেই ছুটি নিয়েছেন ট্রাভিস হেড। ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।হেডের অনুপস্থিতিতে নজর থাকবে ১৯ বছর বয়সি অলিভার পিকের দিকে। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ইতোমধ্যে পাকিস্তান সফরে অভিষেক করেছেন এবং কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং করে প্রশংসা কুড়িয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষেও নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন এই তরুণ ব্যাটার।অধিনায়ক জশ ইংলিস মনে করেন, বাংলাদেশের কন্ডিশন বিদেশি ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হবে। স্পিন ও রিভার্স সুইং সামলাতে বিশেষ দক্ষতার প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।আরও পড়ুন: ক্রিকেটের স্বার্থে কোনো ধরনের আপস করা হবে না: তামিম এদিকে, হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন তানভীর সাংঘা। তার জায়গায় সুযোগ পেয়েছেন অফস্পিনার টড মারফি, যার জন্য এটি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা তৈরি করেছে।বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ১১ ও ১৪ জুন।ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল:জশ ইংলিশ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, টড মারফি, অলি পিকে, ম্যাথিউ রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল:মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইংলিশ, স্পেন্সর জনসন, ম্যাথিউ কুহনেম্যান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথিউ রেনশ ও অ্যাডাম জাম্পা।
Go to News Site