Collector
নার্সদের পোশাক নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা, দিলেন পরিবর্তনের পরামর্শ | Collector
নার্সদের পোশাক নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা, দিলেন পরিবর্তনের পরামর্শ
Jagonews24

নার্সদের পোশাক নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা, দিলেন পরিবর্তনের পরামর্শ

আসন্ন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’য় একজন নার্সের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবির প্রচারণায় অংশ নিয়ে এবার নার্সদের ইউনিফর্ম, পেশাগত মর্যাদা এবং তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, চিকিৎসকদের পোশাকের ক্ষেত্রে বর্তমানে অনেক বেশি স্বাধীনতা থাকলেও নার্সদের এখনো একটি নির্দিষ্ট ও ঐতিহ্যবাহী ইউনিফর্ম অনুসরণ করতে হয়। তার মতে, এই পোশাকব্যবস্থায় পরিবর্তনের সময় এসেছে। কঙ্গনার ভাষায়, ‘আমার মনে হয় ব্রিটিশ আমলের নার্সদের ড্রেস কোড এখনো অনেকটাই চালু রয়েছে। চিকিৎসকেরা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে নিজেদের পছন্দমতো পোশাক পরতে পারেন। কিন্তু নার্সদের ক্ষেত্রে গরম-শীত সব সময়ই প্রায় একই ধরনের বিদেশি ধাঁচের ইউনিফর্ম দেখা যায়।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। একই সঙ্গে নার্সদের পেশাগত মর্যাদার প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘শরীরের গঠন বা বাহ্যিক বিষয় নয়, একজন নার্সের ইউনিফর্ম তার দায়িত্ব ও কর্তব্যের প্রতীক।’ নার্সদের বর্তমান ইউনিফর্মের ইতিহাস নিয়েও কথা বলেন কঙ্গনা। তার মতে, ইউনিফর্মে ব্যবহৃত ক্যাপ, পিন কিংবা বেল্টের মতো উপাদানগুলো ব্রিটিশ ও মার্কিন সামরিক সংস্কৃতির প্রভাব বহন করে। তিনি বলেন, ‘প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নার্সদের ইউনিফর্ম যেমন ছিল, এখনো অনেক ক্ষেত্রে তার ছাপ দেখা যায়। আমার কাছে এটি অনেকটাই ব্রিটিশ ধাঁচের বলে মনে হয়।’ তবে ভবিষ্যতে কোনো পরিবর্তন আনা হলে সেটি নার্সদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়েই হওয়া উচিত বলে মনে করেন অভিনেত্রী। তার ভাষায়, ‘যদি নার্সদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে ইউনিফর্মে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আনা যায়, তাহলে সেটি ইতিবাচক পরিবর্তন হবে।’ পোশাকের প্রসঙ্গের পাশাপাশি নার্সিং পেশাকে ঘিরে সমাজের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন কঙ্গনা। তার মতে, এই গুরুত্বপূর্ণ পেশাকে অনেক সময় অযথা যৌনতার সঙ্গে যুক্ত করে দেখা হয়, যা দুঃখজনক। অভিনেত্রী বলেন, ‘নার্সিং এমন একটি পেশা, যেটিকে অনেক সময় সবচেয়ে বেশি যৌনতার দৃষ্টিতে দেখা হয়। মানুষের এই মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।’ আরও পড়ুন:সোহিনীর জীবনে নতুন অধ্যায়, অপেক্ষায় ভক্তরাশুটিংয়ে একের পর এক চুমু দেন সহ-অভিনেতা, এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তিনি আরও বলেন, হাসপাতালের কথা উঠলেই সাধারণত চিকিৎসকদের অবদানের কথা বেশি আলোচনায় আসে। কিন্তু স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সচল রাখতে প্রতিদিন যে অসংখ্য নার্স ও স্বাস্থ্যকর্মী কাজ করেন, তাদের অবদানও সমানভাবে স্বীকৃতি পাওয়া উচিত। কঙ্গনার এই মন্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নার্সদের পেশাগত মর্যাদা ও ইউনিফর্ম নিয়ে তার বক্তব্য নিয়ে চলছে নানা মত ও প্রতিক্রিয়া। এমএমএফ/এএসএম

Go to News Site