Jagonews24
আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০৬ সালের পর প্রথমবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো। আর সেখানেও সভাপতি নির্বাচিত হয়েছেন পেরেজ। বার্নাব্যু স্টেডিয়ামের পাশে একটি হোটেলে বক্তব্য দিতে গিয়ে নিজের বিজয় ঘোষণা করেন পেরেজ। আর পরাজয় মেনে নেন প্রতিদ্বন্দ্বি এনরিকে রিকুয়েলমে। বক্তব্যে পেরেজ বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছি। এটি একটি অসাধারণ ফলাফল। আজ রিয়াল মাদ্রিদ জিতেছে। আমরা বিশ্বকে গণতন্ত্রের উদাহরণ দেখিয়েছি। আমরা রিয়াল মাদ্রিদের ট্রফি জয়ের জন্য কাজ চালিয়ে যাব। যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। একসাথে আমাদের সামনে অনেক ইতিহাস তৈরি বাকি।’ ক্লাবের নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ হাজার ৭৪১ ভোট পেয়ে ৬৫ শতাংশ ভোট পেয়েছেন পেরেজ। ৩৫ শতাংশ পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বি রিকুয়েলমে। তিনি পেয়েছেন ১১ হাজার ৮১৪ ভোট। ৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে টানা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে, ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্তও একই দায়িত্বে ছিলেন তিনি। ২০০৯, ২০১৩, ২০১৭, ২০২১ এবং ২০২৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। তার অধীনে মাদ্রিদ সমান সাতটি চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা জিতেছে। রোববারের নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সপ্তাহের প্রচারণার পর, যা শুরু হয় পেরেজের আকস্মিক নির্বাচনের ঘোষণার মাধ্যমে। দুই মৌসুম বড় কোনো শিরোপা না জেতার পর সদস্যদের সমর্থন যাচাই করতেই তিনি এই নির্বাচন ডাকেন। নির্বাচনে হারলেও প্রতিদ্বন্দ্বি রিকেলমে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি, ‘আমি ফ্লোরেন্তিনো পেরেজের জয়ী ক্যাম্পেইনকে অভিনন্দন জানাই। আমি সেই সব সদস্যদেরও ধন্যবাদ জানাই যারা ২০ বছর পর ভোট দিতে এসে অংশ নিয়েছেন। তবে আমাদের অবস্থান স্পষ্ট, আমরা ক্লাব বিক্রির বিরুদ্ধে। আমরা জানি রিয়াল মাদ্রিদ বিক্রির জন্য নয়।’ আইএন
Go to News Site