Somoy TV
লক্ষ্মীপুরে একটি দেশীয় পাইপগান (এলজি), দুই রাউন্ড কার্তুজ, গাঁজা ও ইয়াবা বড়িসহ শাখাওয়াত ও রঞ্জু নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে আটকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গঙ্গাপুর এলাকায় রঞ্জুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।আটক হওয়া ব্যক্তিরা হলেন- সদর উপজেলার গঙ্গাপুর এলাকার বাসিন্দা রঞ্জু এবং তার সহযোগী শাখাওয়াত। পুলিশ জানিয়েছে, আটক হওয়া দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শাখাওয়াত ও রঞ্জু দীর্ঘদিন ধরে গঙ্গাপুর ও এর আশপাশের এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন। স্থানীয়ভাবে তাঁদের বারবার নিষেধ করার পরেও তারা তাদের এই অবৈধ ব্যবসা চালিয়ে যান।এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে স্থানীয় যুবদল নেতা ফরিদ উদ্দিনের নেতৃত্বে একদল স্থানীয় তরুণ ও জনতা মাদক কারবারি রঞ্জুর বাড়ি ঘেরাও করেন। সেখান থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ রঞ্জু ও শাখাওয়াতকে হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আরও পড়ুন: সীমান্তে সশস্ত্র গোষ্ঠীকে ধাওয়া করে অস্ত্র-ইয়াবা ধরল বিজিবিলক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ঝলক মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অস্ত্রসহ দুই মাদক কারবারিকে স্থানীয় জনতা আটকে রেখেছে, এমন খবর পেয়ে সদর থানার একটি টহল দল দ্রুত গঙ্গাপুর এলাকায় পৌঁছায়। পরে স্থানীয় জনতা তাঁদের অস্ত্র ও মাদকসহ পুলিশের কাছে সোপর্দ করে।'তিনি আরও জানান, আটক শাখাওয়াত ও রঞ্জু এলাকার তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতার করতে পুলিশ এর আগেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছিল। রাতে জনতা কর্তৃক ধৃত হওয়ার পর তাদের থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জব্দের তালিকায় তুলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Go to News Site