Collector
‘পুশইনরোধে সীমান্তে নির্ঘুম রাত বিজিবির’, ‘আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির’ | Collector
‘পুশইনরোধে সীমান্তে নির্ঘুম রাত বিজিবির’, ‘আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির’
Somoy TV

‘পুশইনরোধে সীমান্তে নির্ঘুম রাত বিজিবির’, ‘আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির’

প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় সোমবার (৮ জুন) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। একসঙ্গে ছড়াচ্ছে হাম ও ডেঙ্গু, বাড়ছে জনস্বাস্থ্যের উদ্বেগ - দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ এটি।প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাসের বেশি সময় ধরে চলা হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও মৃত্যুর হার কিছুটা কমেছে। এর মধ্যেই বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ডেঙ্গুর বিস্তার নতুন করে তৈরি করেছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, হাম ও ডেঙ্গুর ফলে জনস্বাস্থ্য একসঙ্গে দুটি বড় চ্যালেঞ্জের মুখে দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিন এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। সংখ্যাটি এখনও উদ্বেগজনক। অন্যদিকে ডেঙ্গুতেও প্রতিদিন ৫০ জনের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। একই সঙ্গে দুই রোগে আক্রান্ত হওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। ফলে সংক্রামক এই দুই রোগের চাপ সামাল দিতে স্বাস্থ্যব্যবস্থাকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হচ্ছে।ডাক্তার-এমআরওর লোভে সর্বস্বান্ত রোগী - দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বহির্বিভাগ। সকাল থেকে রোগীর দীর্ঘ সারি। তার মধ্যেই চিকিৎসা নিতে এসেছিলেন পোশাককর্মী আছিয়া খাতুন (৩৫)। স্বামী ও নিজের সামান্য আয়ে কোনো রকমে চলে তাদের চার সদস্যের সংসার। আছিয়া কয়েক পদের টেস্ট নিয়ে চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর এক ব্যক্তি এগিয়ে এসে বললেন, ‘আপনার প্রেসক্রিপশনটা দেখি!’ কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রেসক্রিপশনের ছবি তুলে নেন। কয়েক দিন পর রিপোর্ট নিয়ে ফের চিকিৎসকের কাছে গেলে আছিয়া লক্ষ করেন, চিকিৎসকের টেবিলে নির্দিষ্ট একটি ওষুধ কম্পানির লিফলেট ও প্রচারসামগ্রী। এরপর ফার্মেসিতে গিয়ে প্রেসক্রিপশনে লেখা ওষুধ কিনতে গেলে টের পান, চিকিৎসকের টেবিলে রাখা প্রচারসাসগ্রীর কম্পানিটির দামি অ্যান্টিবায়োটিক ও একাধিক ভিটামিন দেয়া হয়েছে তাকে। টেস্ট ও ওষুধ মিলে তাঁর খরচ ১১ হাজার টাকা, যা আছিয়ার এক মাসের বেতনের সমান।পুশইনরোধে সীমান্তে নির্ঘুম রাত বিজিবির - দৈনিক মানবজমিনে প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে বিএসএফের পুশইনচেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিজিবি এবং সীমান্তবাসীর কড়া পাহারায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে। গত ক’দিন থেকে সীমান্ত জুড়ে দিনরাত কড়া নজরদারি চালাচ্ছে বিজিবি সদস্যরা। তাদের সঙ্গে আছে গ্রামবাসী। গতকালও পঞ্চগড়, কুড়িগ্রামের রৌমারী, মেহেরপুর, দিনাজপুরের হাকিমপর সীমান্তে অর্ধশতাধিক ভারতীয়কে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি বরাবরের মতো সেই চেষ্টাও রুখে দিয়েছে। পঞ্চগড় প্রতিনিধি জানান, তিনদিন ধরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্ত এলাকার শূন্যরেখা সংলগ্ন একটি ভারতীয় কৃষিজমিতে খোলা আকাশের নিচে থাকা পুশইনকৃত ১০ জন নারী-পুরুষ ও শিশুর ব্যাপারে এখনো কোনো সুরাহা হয়নি। জীবনের ঝুঁকির মধ্যে এসব মানুষ অর্ধাহারে-অনাহারে কাটাচ্ছেন দিনরাত। সেই সঙ্গে তাপপ্রবাহ ও ঝড়-বৃষ্টিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন মানতে চায় ঢাকা, সাড়া নেই দিল্লির - দৈনিক সমকালের প্রথম পাতায় প্রকাশিত খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের নিয়মিত ফেরত আনছে বাংলাদেশ। এমনকি ভারত থেকেও বাংলাদেশিদের ফেরত এনেছিল ঢাকা। সম্প্রতি বাংলাভাষী বিপুলসংখ্যক লোককে বাংলাদেশি দাবি করে ঠেলে দিতে (পুশইন) চাচ্ছে দেশটি। এতে সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে কয়েকশ মানুষ। এ ক্ষেত্রে দেশটি সীমান্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন ও বিধিবিধান মানছে না। বাংলাদেশ এ বিষয়ে প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় প্রত্যাবাসন প্রক্রিয়া ও আইনি পথ অনুসরণ করতে এবং সংশ্লিষ্টদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে ভারতকে অনুরোধ করেছে। এ অবস্থায় নয়াদিল্লিতে আজ সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে বৈঠক বসছে। সেখানেও পুশইন অন্যতম আলোচ্য বিষয়। ঈদের পর কারখানা খুলতেই শিল্প এলাকায় ছাঁটাই তৎপরতা - দৈনিক বণিকবার্তায় প্রকাশিত খবর এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঈদুল আজহার ছুটি শেষে কারখানা খোলার পর পরই সাভার-আশুলিয়ার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় ছাঁটাই হয়েছে প্রায় ৩০ হাজার শ্রমিকের কর্মসংস্থান থাকা আল-মুসলিম গ্রুপে। গ্রুপটির তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বিষয়টি নিয়ে শনিবার শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন স্থানে প্রতিবাদের ঘটনাও ঘটে।শুধু আল-মুসলিম গ্রুপ নয়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশের বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ছয়টি শিল্প এলাকার ৭৯টি কারখানায় মোট ৭ হাজার ৭৮৪ শ্রমিক ছাঁটাই হয়েছেন। এসব কারখানার অধিকাংশই তৈরি পোশাক খাতের। এর মধ্যে সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে আশুলিয়ায়, যেখানে ৩৫টি কারখানা থেকে ৪ হাজার ৯৭২ শ্রমিক চাকরি হারিয়েছেন।দ্রুত বিচারে নতুন মাইলফলক - দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়েছে মাত্র ৫ কার্যদিবসে। অভিযোগ গঠনের পর থেকে সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও রায় পর্যন্ত পুরো বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দ্রুতগতিতে। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দেশব্যাপী জনরোষ এবং সরকারের পক্ষ থেকে দ্রুত ন্যায়বিচারের আশ্বাসের পর ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আদালত এই মামলার রায় দিলেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিচারিক ইতিহাসে সবচেয়ে কম সময়ে একটি হত্যা ও ধর্ষণ মামলার বিচার শেষ হওয়ার নতুন রেকর্ড তৈরি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে মানুষের সুরক্ষা বড় চ্যালেঞ্জ - দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। সংসার চালানোর খরচ বাড়ছে। চাল, ডাল, আটা, ময়দা, তেল, শাকসবজি, মাংস; সব নিত্যপণ্যই আগের চেয়ে বেশি দামে কিনতে হচ্ছে। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ। তাঁদের অনেকে ধারদেনা করে সংসার চালাচ্ছেন। গত দুই মাসের মধ্যে অকটেন, পেট্রলসহ জ্বালানি তেলের দাম দুই দফায় বেড়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস–বিদ্যুতের দামও বেড়েছে। এসব কারণে আবারও মূল্যস্ফীতি বৃদ্ধির আতঙ্ক ভর করেছে সীমিত আয়ের মানুষের মধ্যে। সর্বশেষ গত মে মাসে মূল্যস্ফীতি বেড়ে বিগত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ অবস্থায় অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের প্রত্যাশা, বাজেটে মূল্যস্ফীতি কমানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Go to News Site