Collector
ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা আমিন খানের আজীবন নিষেধাজ্ঞা চায় কোয়াব | Collector
ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা আমিন খানের আজীবন নিষেধাজ্ঞা চায় কোয়াব
Jagonews24

ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা আমিন খানের আজীবন নিষেধাজ্ঞা চায় কোয়াব

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি আসরের নবম রাউন্ডে ওয়াকওভারের ঘটনা ঘটেছে। পারিশ্রমিক না পেয়ে ক্রিকেটাররা ম্যাচ বয়কট করায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ওয়াকওভার দেয় ব্রাদার্স ইউনিয়ন। এরপর নানাভাবে ক্লাব থেকে প্রতারিত হওয়া ও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা। এই ঘটনায় ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানায়, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আজ বিকেএসপিতে ওয়াকওভার ঘটনার পর ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। খেলোয়াড়দের হতাশার মাত্রা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেনি।’ এই ঘটনায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকেই পুরো দায় দিয়েছে কোয়াব, ‘ঢাকা লিগ একটি পেশাদার টুর্নামেন্ট যেখানে প্রতি মৌসুমে ৭৬টি ক্লাব অংশগ্রহণ করে। ক্লাবগুলোর জন্য প্রমোশন, লিগ টেবিলে শীর্ষস্থান ও মর্যাদার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পায়। একইসঙ্গে এই লিগই দেশের ক্রিকেটারদের জীবিকার প্রধান উৎস। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে, আজকের ওয়াকওভার ঘটনাটি সম্পূর্ণভাবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দায়। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের অনেক আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করা উচিত ছিল তাদের।’ কোয়াব আরও জানায়, ‘ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়রা ঈদের আগে মোট পারিশ্রমিকের অন্তত ৩০ শতাংশ পরিশোধের জন্য ক্লাব কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছিল। যা উভয় পক্ষের সম্মতিতে গৃহীত হয়। কিন্তু কর্মকর্তারা তাদের কথা রাখেননি। এমনকি তুচ্ছ কারণে ক্রিকেটারদের অপমান করেছেন। যেহেতু আগামী ৭ জুনের পরিচালনা পরিষদের নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন ব্যস্ত সময় পার করছে, তাই সবকিছু নিষ্পত্তি হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই।’ ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা আমিন খান ক্রিকেটারদের হুমকি দিয়ে বলেছিলেন, তোমরা খেললে খেলো, না খেললে টিম নেমে যাবে। তাকে আজীবন নিষিদ্ধের দাবি জানিয়েছে কোয়াব, ‘আগামীতে এই রকম ঘটনা যাতে না হয় তার জন‍্য একটা আইনি কাঠামো তৈরিতে বিসিবি এর সাথে কোয়াব কাজ করবে, যাতে খেলোয়াড়দের অধিকার সুরক্ষিত থাকে। তবে আপাতত, আমরা দাবি করছি যে, পেশাগত দায়িত্বে চরম অবহেলার জন্য ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খানকে বিসিবির সকল কর্মকান্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হোক। কোয়াব আরও আশা করে, বিসিবি যেন ব্রাদার্স ইউনিয়নের মতো ক্লাবগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। যদিও লিগের বাইলজ অনুযায়ী তারা অবনমিত হয়েছে, বিসিবির উচিত ব্রাদার্স ইউনিয়নকে যথাযথ শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করা।’ এসকেডি/এমএমআর

Go to News Site