Collector
অর্থনৈতিক সচ্ছলতাই নারীর প্রকৃত স্বাধীনতা | Collector
অর্থনৈতিক সচ্ছলতাই নারীর প্রকৃত স্বাধীনতা
Jagonews24

অর্থনৈতিক সচ্ছলতাই নারীর প্রকৃত স্বাধীনতা

সমাজে একজন নারীকে সবচেয়ে বেশি দুর্বল ভাবা হয় তখনই, যখন ধরে নেওয়া হয়, সে কাউকে ছাড়া চলতে পারবে না। অথচ বাস্তবতা হলো, একজন নারী যখন নিজের ভেতরের শক্তিটাকে চিনে নেয়, তখন তাকে আর কোনো শক্তি সহজে ভাঙতে পারে না। মেয়েদের ছোটবেলা থেকেই শেখানো হয় মানিয়ে নিতে, নির্ভর করতে, চুপ থাকতে। কিন্তু খুব কম মানুষই শেখায়, নিজের পায়ে দাঁড়াতে, নিজের সিদ্ধান্ত নিতে, নিজের সম্মান রক্ষা করতে। অথচ জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা কোনো মানুষ নয়, বরং নিজের সক্ষমতা। মেয়েরা, নিজেদের তৈরি শেখো। এমনভাবে তৈরি হও, যেন কেউ তোমাদের সামনে অহংকার দেখানোর সাহস না পায়। নিজের শিক্ষা, দক্ষতা, আত্মসম্মান আর ব্যক্তিত্বকে এত শক্তিশালী করে গড়ে তোলো, যেন কেউ তোমাকে অবহেলা করার আগে দু’বার ভাবে। কারো দয়া, করুণা বা সাময়িক ভালোবাসার ওপর নিজের ভবিষ্যৎ দাঁড় করিও না। কারণ সময় বদলালে মানুষের আচরণও বদলে যায়। আজ যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কাল সেই মানুষটিই হয়ত তোমার প্রয়োজন অনুভব করবে না। সবচেয়ে কষ্টের বাস্তবতা হলো, মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় একা হয়ে যায়। এমনকি নিজের সন্তানেরাও ব্যস্ততার অজুহাতে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। তখন একজন নারীর সবচেয়ে বড় ভরসা হয় তার নিজের শক্তি, আত্মসম্মান এবং আর্থিক স্বাধীনতা। তাই নিজের পরিচয় তৈরি করো। নিজের নামে কিছু গড়ে তোলো। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখো। কখনোই নিজের অস্তিত্বকে পুরোপুরি অন্য কারো হাতে তুলে দিও না। সম্পদ, অর্থ বা সম্পত্তি নিয়ে আমাদের সমাজে অনেক আবেগ কাজ করে। কিন্তু মনে রাখতে হবে, মৃত্যুর পর আইন ও ন্যায্য নিয়ম অনুযায়ী যার যা প্রাপ্য, সে তা পাবেই। জীবিত অবস্থায় আবেগের বশে সবকিছু কাউকে লিখে দিয়ে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত করে ফেলা অনেক সময় জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। জীবন কাউকে নিশ্চয়তা দেয় না। তাই মেয়েদের উচিত নিজের নিরাপত্তা, সম্মান ও ভবিষ্যতের কথা আগে ভাবা। আত্মনির্ভরতা অহংকার নয়, এটি বেঁচে থাকার শক্তি। নিজেকে শক্ত করে গড়ে তোলা মানে কাউকে ছোট করা নয়। বরং নিজের মূল্য বুঝতে শেখা। আজকের মেয়েরা যদি নিজেদের যোগ্যতা, শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাসকে সবচেয়ে বড় সম্পদ বানাতে পারে, তাহলে একদিন তারা শুধু নিজেদের জীবনই বদলাবে না, পুরো সমাজের চিন্তাধারাও বদলে দেবে। এমআরএম

Go to News Site