Jagonews24
জনপ্রিয় ভারতীয় বাংলা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’য় (২০১৩-২০১৬) প্রধান নারী চরিত্র ‘পাখি’ হিসেবে অভিনয় করে দুই বাংলায় সাড়া ফেলে দিয়েছিলেন মধুমিতা সরকার। বিয়ে করে ফেললেন ভারতের পশ্চিমবঙ্গের সেই ‘পাখি’। তার বরের নাম দেবমাল্য চক্রবর্তী। দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারি মাসে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। ঘটনার পাঁচ মাসের মাথায় এবার রেজিস্ট্রি মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকাদম্পতি। সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এ খবর নিশ্চিত করেছেন। কোনো জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক। এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম। এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে। আরএমডি
Go to News Site