Somoy TV
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নানা উদ্যোগ নেয়ার পাশাপাশি ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের মধ্যে পণ্য বিপণন, পুঁজির সংস্থান এবং আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে সমন্বিতভাবে কাজ করা হবে।শনিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত বিভাগীয় পর্যায়ের কৃষি উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কৃষি বিপণন অধিদফতর সিলেটের উপপরিচালকের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সিসিক প্রশাসক বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও শতবর্ষী কৃষি বিপণন অধিদফতর প্রত্যাশিতভাবে বিস্তৃতি লাভ করতে পারেনি। প্রতিষ্ঠানটিকে আরও উদ্যোক্তাবান্ধব করতে হবে। তিনি বলেন, বর্তমান জনবান্ধব সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের মার্কেটিং ও পুঁজির সংস্থানে উৎসাহ দেয়া জরুরি। সিটি করপোরেশন এ লক্ষ্যেই কাজ করবে। তিনি জানান, বিসিক, এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ম্যানুফ্যাকচারিং খাত গড়ে তুলে সিলেটে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। সিলেটের উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে উইম্যান চেম্বার ও কৃষি বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। সিলেট থেকে সরাসরি বিদেশে কৃষিপণ্য রফতানির সুযোগ তৈরি করা হবে। সিসিক প্রশাসক জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রফতানির সুযোগ থাকলেও পচনশীল পণ্যের জন্য প্রয়োজনীয় প্যাকেজিং ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে সিলেটের কৃষিপণ্য রফতানির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়ার কাজ চলছে। তিনি বলেন, কৃষিপণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে আধুনিক ডিসপ্লে সেন্টার গড়ে তোলার উদ্যোগও নেয়া হবে। এতে কৃষি বিপণন খাতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন সিসিক প্রশাসক। কৃষি বিপণন অধিদফতর সিলেটের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিলেট উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হবিগঞ্জের কৃষি বিপণন কর্মকর্তা মো. রাবেল তালুকদার এবং মৌলভীবাজারের কৃষি বিপণন কর্মকর্তা ফারুক উদ্দিন চৌধুরী। এছাড়া মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য দেন গ্রাসরুটসের সভাপতি হিমাংশু মিত্র, সম্পাদক নাফিসা শবনম ও উদ্যোক্তা মো. সৈয়দুর রহমানসহ অনেকে। অনুষ্ঠান শেষে সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Go to News Site