Somoy TV
নির্বাচিত সরকার মব জাস্টিস বন্ধ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের সময় এ ধরনের ঘটনা প্রতিরোধের প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে তা কমেনি, বরং বিভিন্ন স্থানে এমন ঘটনার সংখ্যা বেড়েছে। শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, খোঁজ নিয়ে দেখলাম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক অনেক কষ্টে এসএসসি পাস করেছেন। যোগ্যতা ও দক্ষতার অভাব থাকায় অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অক্ষমতা এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় বিএনপি সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে। অতীতে আওয়ামী লীগ দীর্ঘ সময়ে যে ধরনের সমালোচনার মুখে পড়েছিল, বর্তমান সরকার অল্প সময়েই একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছে।আরও পড়ুন: রাজস্ব তহবিল থেকে টাকা নেয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ সরকারের অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সরকার দুই বছর বিদ্যুতের দাম বৃদ্ধি না করার ঘোষণা দিলেও কয়েক মাসের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির মূল্য একাধিকবার বাড়ানো হয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার বাজারে পড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে। তিনি আরও বলেন, সরকারের নীতিগত ব্যর্থতার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে সাধারণ জনগণ। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। পরে দলের নেতারা তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের এনসিপির নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Go to News Site