Somoy TV
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সোমবার (৮ জুন) দুই ঘণ্টার কলমবিরতির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।রোববার (৭ জুন) গত ১ জুন থেকে গ্রাহক ফোরামের ব্যানারে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জানান। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই তার নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক নুর নবী মানিক। এ সময় তিনি দাবি আদায়ে সোমবার দুই ঘণ্টার কর্মবিরতি বা কলমবিরতি পালনের ঘোষণা দেন। দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেয়া হতে পারে। এর আগে গত ৪ জুন চেয়ারম্যানের পদত্যাগ কার্যকরের দাবিতে আন্দোলন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে সাড়া দিয়ে সেদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করছেন তারা। আরও পড়ুন: এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এর আগে গত কয়েকদিন ধরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ওই কর্মসূচি চলাকালে পুলিশ জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তারা দাবি করেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ভিন্ন। আন্দোলনের কারণে সোমবার দিনেরবেলায় ইসলামী ব্যাংকের নির্ধারিত পর্ষদ সভা সরাসরি অনুষ্ঠিত হয়নি। পরে রাতে ভার্চুয়াল মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পর্ষদের পাঁচ সদস্য অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ভার্চুয়াল সভায় ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানের জমা দেয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত আলতাফ হোসাইন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো আজও আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।
Go to News Site