Somoy TV
কুমিল্লার মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।রোববার (৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যান চালকের নাম কাজী জাফর (৩০)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কানিকারহাট এলাকার জহিরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চলন্ত একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চালক জাফর গাড়ির ভেতরেই আটকা পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। আরও পড়ুন: কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩ খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনটি সড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ‘দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। ট্রাকটিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। নিহত চালকের স্বজনরা ভোলা থেকে এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।’ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Go to News Site