Somoy TV
ছয় দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন তারা। এদিন বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করে ইন্টার্ন ডক্টরস সোসাইটি। একই দাবিতে বেলা ১১টার পর ক্লাস বর্জন করে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধনে যোগ দেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতাল থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে যান। সেখানে শহীদে মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।আন্দোলনকারীদের ভাষ্য, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার ব্যবস্থা চালু করেছে।আরও পড়ুন: বগুড়ায় ৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিএসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের ৬ দফা দাবির মধ্যে অন্যতম স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বিএমইউ ও বিসিপিএস-এর ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনি চিকিৎসকদের বেতন ৯ম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ এবং প্রতি মাসে তা যথাসময়ে প্রদান, অবিলম্বে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের চেয়ে ২ বছর বাড়িয়ে ৩৪ বছর করা এবং শ্রম আইন ২০০৬-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চলবে।
Go to News Site