Collector
ইসরায়েলি গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ হুমকিতে যুক্তরাষ্ট্র, সতর্ক পেন্টাগন | Collector
ইসরায়েলি গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ হুমকিতে যুক্তরাষ্ট্র, সতর্ক পেন্টাগন
Jagonews24

ইসরায়েলি গুপ্তচরবৃত্তির সর্বোচ্চ হুমকিতে যুক্তরাষ্ট্র, সতর্ক পেন্টাগন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলি গুপ্তচরের হুমকির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৬ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) মনে করছে, মানব গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতা এখন ‘ক্রিটিক্যাল’ বা সর্বোচ্চ ঝুঁকির পর্যায়ে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ইসরায়েল শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারির চেষ্টা করেছে বলে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও একই ধরনের তথ্য প্রকাশ করেছে। পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলি পক্ষ যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার কথোপকথনে আড়ি পাতার চেষ্টা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এসব কর্মকর্তার মধ্যে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান আলোচক স্টিভ উইটকফ এবং পেন্টাগনের শীর্ষ নীতিনির্ধারণী কর্মকর্তা এলব্রিজ কোলবি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। ওই হামলার পর যুদ্ধ শুরু হয়। এর পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রীন বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সপ্তাহের শুরুতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, লেবাননের রাজধানী বৈরুতে হামলার হুমকি দেওয়ায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন ট্রাম্প। এমনকি, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি ‘অশালীন ভাষাও’ ব্যবহার করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়, ট্রাম্পের আশঙ্কা ছিল বৈরুতের ওপর সম্ভাব্য হামলা ইরানের রাজধানী তেহরানের সঙ্গে চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে ঘিরে পেন্টাগনের নতুন হুমকি মূল্যায়ন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এসেছে। তবে এ বিষয়ে এখনো দুই দেশের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। সূত্র: এএফপি এসএইচ

Go to News Site