Somoy TV
বিশ্বকাপকে ঘিরে যখন ফুটবল বিশ্লেষকরা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স কিংবা স্পেনকে নিয়ে হিসাব-নিকাশে ব্যস্ত, তখন সেই প্রচলিত সমীকরণে বড়সড় ধাক্কা দিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তার বিশ্বাস, ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে শিরোপা জিতবে মরক্কো।ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর আয়োজিত একটি বিশেষ বিশ্বকাপ প্রেডিকশন গেমে অংশ নিয়ে নিজের টুর্নামেন্ট ব্র্যাকেট প্রকাশ করেন মামদানি। সেখানে দেখা যায়, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরছে মরক্কো।নিজের এই সাহসী পূর্বাভাসের ব্যাখ্যায় নিউইয়র্কের মেয়র বলেন, 'আমি বিশ্লেষণ করে নয়, হৃদয়ের টান থেকেই মরক্কোকে বেছে নিয়েছি।' ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রাকেও তিনি নিজের বিশ্বাসের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।তবে তার ভবিষ্যদ্বাণীর চমক শুধু মরক্কোতেই সীমাবদ্ধ নয়। মামদানির হিসাব অনুযায়ী, গ্রুপ পর্বেই ব্রাজিলকে হারিয়ে দেবে জাপান। একইসঙ্গে রোনালদোর পর্তুগালও বেশিদূর যেতে পারবে না; শেষ ৩২ থেকেই বিদায় নেবে ইউরোপের দলটি।আরও পড়ুন: বিশ্বকাপে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় যেভাবে প্রস্তুতি নিচ্ছে আয়োজক দেশগুলোউগান্ডায় জন্ম নেয়া এই মার্কিন রাজনৈতিক নেতা ফুটবলের প্রতি নিজের আবেগের কথাও তুলে ধরেছেন। তিনি জানান, ২০১০ বিশ্বকাপে লুইস সুয়ারেজের বিতর্কিত হ্যান্ডবলের কারণে ঘানার বিদায় দেখে স্টেডিয়ামেই কেঁদে ফেলেছিলেন তিনি।এবারও ঘানাকে নিয়ে আশাবাদী হলেও তাদের খুব বেশি দূর এগিয়ে রাখেননি মামদানি। তার পূর্বাভাস অনুযায়ী, আফ্রিকার দলটি গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে উঠবে, তবে শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।
Go to News Site