Somoy TV
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।রোববার (৭ জুন) সকালে কপিলমুনি জাফর আউলিয়া ডিগ্রি মাদরাসা সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে কয়েকটি দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রায় ছয় মাস বিরতির পর ফের এ অভিযান শুরু হলো।সওজ সূত্রে জানা গেছে, বেতগ্রাম–তালা–কপিলমুনি–পাইকগাছা–কয়রা আঞ্চলিক সড়কটি উন্নীতকরণ ও প্রশস্ত করার একটি প্রকল্পের আওতায় এ উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ এই সড়ককে দুই লেনে উন্নীত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণের পরিকল্পনা রয়েছে। এজন্য সড়কের বিভিন্ন অংশে ভূমি অধিগ্রহণ ও স্থাপনা অপসারণের প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রায় ৩৩৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি একাধিক দফায় সময় ও ব্যয় বৃদ্ধি পেয়ে বাস্তবায়নাধীন রয়েছে।এদিকে উচ্ছেদের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে। তাদের অভিযোগ, সড়ক সরলীকরণের মূল নকশা বাস্তবায়নের পরিবর্তে পরিবর্তিত নকশা অনুযায়ী কাজ করা হচ্ছে। এতে বাজার এলাকার গুরুত্বপূর্ণ অংশে অনাকাঙ্ক্ষিত বাঁক তৈরি হবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। একটি বিশেষ পক্ষের স্থাপনা রক্ষা করতে গিয়ে জনস্বার্থ উপেক্ষা করা হচ্ছে এবং সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি তাদের।আরও পড়ুন: উচ্ছেদ ব্যর্থ: তিন মাসেই কক্সবাজার সৈকতের বালিয়াড়ি ফের ‘বস্তি’!এর আগে গত বছরের ডিসেম্বর মাসে একই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয়দের প্রতিরোধ ও আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানিও অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয়রা মূল নকশা অনুযায়ী সড়ক উন্নয়নের দাবি জানান। তৎকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে মূল নকশা বাস্তবায়নের কথা বলেছিলেন। তবে দীর্ঘ বিরতির পর পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা ও অসন্তোষ দেখা দিয়েছে।উচ্ছেদ ও সড়ক প্রশস্তকরণের বিষয়ে সওজের প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সড়কটি উন্নীতকরণের কাজ চলমান রয়েছে এবং ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণের জন্যই নির্ধারিত স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে।
Go to News Site