Collector
অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে তর্ক, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ | Collector
অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে তর্ক, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
Jagonews24

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে তর্ক, এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে তর্কের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) বিকেলে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। এতে দলটির দুই নেতা আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। এনসিপির নেতারা অভিযোগ করে বলেন, চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। রোববার সকালে নোয়াখালীগামী এক রোগীর জন্য অতিরিক্ত ভাড়া দাবি করা হলে তারা এর প্রতিবাদ জানান। এ সময় অ্যাম্বুলেন্স শ্রমিক ও মালিক সমিতির সদস্যদের সঙ্গে তাদের তর্ক হয়। দলটির দাবি, নোয়াখালী যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে ১২ হাজার টাকা ভাড়া চাওয়া হয়, যেখানে সাধারণত প্রায় ৫ হাজার টাকা ভাড়া নেওয়া হয়। একইভাবে এর আগে ফেনীতে যাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত ভাড়া দাবি করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। তবে সংবাদ সম্মেলন শুরুর আগেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দলটির নেতারা। এনসিপির দাবি, হামলায় চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব এবং সহসাংগঠনিক সম্পাদক আহত হয়েছেন। চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, হাসপাতালে একটি প্রভাবশালী চক্র অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ করছে। তাদের অভিযোগ, বাইরের অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে পারে না এবং রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। তবে অভিযোগের বিষয়ে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ বলেন, ভাড়া নিয়ে কোনো অভিযোগ থাকলে তা প্রশাসনের মাধ্যমে জানানো উচিত ছিল। ব্যক্তিগতভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা ঠিক নয়। এনসিপি জানিয়েছে, এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। এমআরএএইচ/এসএনআর

Go to News Site