Collector
গন্ধর্বপুর শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষ নিরাপদ পানি পাবে: মির্জা ফখরুল | Collector
গন্ধর্বপুর শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষ নিরাপদ পানি পাবে: মির্জা ফখরুল
Somoy TV

গন্ধর্বপুর শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষ নিরাপদ পানি পাবে: মির্জা ফখরুল

গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এর মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমে পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।প্রকল্পের সময়সীমা উল্লেখ করে তিনি আরও বলেন, 'চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।'পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের পানির উৎস লাইন এলাকা ও শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।আরও পড়ুন: সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে: মির্জা ফখরুলপ্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। ফলে দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে। রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং ঢাকা ওয়াসা ও ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Go to News Site