Somoy TV
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদ যদি মাইকেল অলিসেকে দলে ভেড়ানোর পরিকল্পনা করে থাকে, তাহলে সেই চেষ্টা বৃথা। স্প্যানিশ গণমাধ্যমে জোর গুঞ্জন, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অলিসের জন্য রেকর্ড ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত। কিন্তু বায়ার্ন পরিষ্কার জানিয়ে দিয়েছে, অলিসে কোনো মূল্যেই বিক্রির জন্য উপলব্ধ নন।অ্যালিয়ানৎস অ্যারেনার কর্তারা অলিসেকে ঘিরে চলমান জল্পনায় বিরক্ত। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছিল, সদ্য নির্বাচনে জয়ী হওয়া পেরেজ তার নতুন মেয়াদের সূচনায় বড় চমক হিসেবে ফরাসি উইঙ্গারকে সান্তিয়াগো বের্নাব্যুতে আনতে চান।তবে বায়ার্ন সভাপতি হার্বার্ট হাইনার নিজেই এই গুঞ্জনের ইতি টানার চেষ্টা করেছেন। সমর্থকদের এক অনুষ্ঠানে তিনি বলেন, 'মাইকেল অলিসে বায়ার্নের খেলোয়াড় এবং তার দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আমরা খেলোয়াড় বিক্রি করে চলা কোনো ক্লাব নই। ফ্লোরেন্তিনো পেরেজ যদি আমাদের কাছে কোনো প্রস্তাব পাঠাতে চান, যদিও এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি, তাহলে তিনি সেই কষ্ট না করলেও পারেন।'হাইনারের এই অবস্থান ক্লাবের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেসের বক্তব্যেরই প্রতিধ্বনি। হোয়েনেসও আগে অলিসের সম্ভাব্য বিদায়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তার মতে, বিপুল অর্থ পেলেও ক্লাবের ক্রীড়াগত লক্ষ্যই বেশি গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: বিশ্বকাপে কোন ম্যাচ দিয়ে ফিরতে পারেন নেইমারতিনি বলেছিলেন, 'মাইকেল অলিসেকে ২০০ মিলিয়ন ইউরোতে বিক্রি করব? সে কোথাও যাচ্ছে না। আমরা এই খেলা খেলি আমাদের সমর্থকদের জন্য। আমাদের ৪ লাখ ৩০ হাজার সদস্য আছে, বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক আছে। ব্যাংকে ২০০ মিলিয়ন ইউরো বাড়তি থাকলেও যদি প্রতি শনিবার আমরা দুর্বল ফুটবল খেলি, তাহলে তাতে সমর্থকদের কোনো লাভ নেই।'এই গুঞ্জনের সময়টাও গুরুত্বপূর্ণ। সম্প্রতি পেরেজ আবারও রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। অতীতে নির্বাচনে জয়ের পর বড় তারকা সই করিয়ে তিনি নতুন অধ্যায় শুরু করার নজির বহুবার গড়েছেন।জয়ের পর বক্তব্যে পেরেজ বলেন, 'আমি এখনও এখানে আছি। সদস্যরা আমাকে চেনেন। আমি রিয়াল মাদ্রিদকে রক্ষা করতে এখানে আছি। আমরা কাজ চালিয়ে যাব, যাতে রিয়াল মাদ্রিদ শিরোপা জয় করতে থাকে।'যদিও তিনি অলিসের নাম সরাসরি উল্লেখ করেননি, তবু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে ক্লাবে সম্ভাব্য নতুন প্রকল্পের অংশ হিসেবে শীর্ষ মানের খেলোয়াড় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জোসে মরিনিয়োকেও তিনি ফিরিয়ে আনছেন। আরও পড়ুন: মাঠে লুটিয়ে পড়া এরিকসেনের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানা গেলঅন্যদিকে অলিসে এখনও দীর্ঘমেয়াদি চুক্তিতে বায়ার্নের সঙ্গে আবদ্ধ এবং কোচ ভিনসেন্ট কোম্পানির পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রিমিয়ার লিগ থেকে মিউনিখে আসার পর তিনি বুন্দেসলিগায় দারুণ পারফর্ম করেছেন এবং দ্রুতই সমর্থকদের প্রিয় খেলোয়াড়ে পরিণত হয়েছেন।বায়ার্নের অবস্থান এতটাই কঠোর যে তারা কোনো প্রস্তাব নিয়েই আলোচনায় বসতে আগ্রহী নয়। ফলে অলিসেকে দলে ভেড়ানোর ব্যাপারে রিয়াল মাদ্রিদের আশা আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে বলেই মনে হচ্ছে।
Go to News Site