Collector
Giriş Yap
চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য | Collector
চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়াদের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর। চবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ প্রজ্ঞাপন অনুযায়ী- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. সফিকুল ইসলাম। তিনি চবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চবির উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে। এর আগে চবির উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল বিভাগে যোগদানের অনুমতি দেয় সরকার। তিন বিশ্ববিদ্যালয়ে নতুন তিন উপ-উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে। এদিকে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি একই বিশ্ববিদ্যালয়েরই ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন। এর আগে নোবিপ্রবির প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিয়োগ-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে শর্ত হিসেবে বলা হয়েছে, নতুন উপ-উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন এবং তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে জনস্বার্থে জারি করা এসব আদেশ রাষ্ট্রপতি ও আচার্যের প্রয়োজনে যে কোনো সময় বাতিল করার ক্ষমতা রাখেন বলেও উল্লেখ করা হয়। এএএইচ/এমআইএইচএস

Go to News Site