Jagonews24
প্রাচীন সভ্যতার দেশ মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে পরিচালিত ‘ভার্চুয়াল বাংলা স্কুল ইন ইজিপ্ট’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে দেশটির রাজধানী কায়রোর আল-আজহার উদ্যানে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক পুষ্পিতা চৌধুরী উপস্থিত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি বাংলা স্কুল পরিবারের সদস্যদের মধ্যে পরিচয় ও সৌহার্দ্য বৃদ্ধিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরে সহ-সঞ্চালক আসমা রহমান স্কুলটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মাত্র তিনজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা ভার্চুয়াল বাংলা স্কুল বর্তমানে তিনটি গ্রুপে মোট ১৯ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। শুধু মিশর নয়, বিভিন্ন দেশ থেকেও শিক্ষার্থীরা অনলাইনে বাংলা ক্লাসে অংশগ্রহণ করছে বলে তিনি উল্লেখ করেন। অভিভাবকদের পক্ষ থেকে রনি বণিক বাংলা স্কুল নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিশুদের মাতৃভাষা শিক্ষায় এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এরপর শুরু হয় শিশুদের অংশগ্রহণে সাজানো সাংস্কৃতিক পর্ব। কবিতা আবৃত্তি, ছড়া, গান, নৃত্য, গল্প বলা ও নাট্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রাইয়ানের আবৃত্তি করা সুকুমার বড়ুয়ার ‘এমন যদি হতো’ কবিতা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। নুসাইবা ও আমায়রার পুতুল নাচ, রুদাইনার ছড়াগান, ইয়ানুরের কবিতা আবৃত্তি, গল্পের নৃত্য পরিবেশনা, মুনতাসিরের আধুনিক গান, রামিজার আবৃত্তি, আব্দুর রহমানের ছড়া ও নৃত্য ও রাফিদার আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। এছাড়া কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, আল মাহমুদ ও নবকৃষ্ণ ভট্টাচার্যের রচনাভিত্তিক বিভিন্ন পরিবেশনা শিশুদের বাংলা ভাষা ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহের পরিচয় তুলে ধরে। রাইয়ান ও মুনতাসিরের রম্য নাটক উপস্থিত সবার মধ্যে হাস্যরসের আবহ সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষিকা পুষ্পিতা চৌধুরী একটি গান পরিবেশন করলে দর্শকরা তা উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন বয়সভিত্তিক মজার খেলা। ছোটদের জন্য ‘মার্বেল দৌড়’, মাঝারি গ্রুপের জন্য ‘চকলেট দৌড়’ এবং বড়দের জন্য ‘স্মৃতিশক্তি পরীক্ষা’ আয়োজন করা হয়। খেলা গুলোতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও ব্যাপক উৎসাহ দেখা যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ভার্চুয়াল বাংলা স্কুল ইন ইজিপ্ট’-এর উদ্যোক্তা উম্মে কুলসুম জামেনা সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও উৎসাহের কারণেই এমন একটি সুন্দর আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা জোরদার করতে ভার্চুয়াল বাংলা স্কুলের এ উদ্যোগ অভিভাবক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতির বন্ধন আরও সুদৃঢ় হবে। এমআরএম
Go to News Site