Somoy TV
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংরক্ষিত উপকূলীয় অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দেয়ার অভিযোগ এনে বিক্ষোভে নেমেছেন দেশটির হাজার হাজার মানুষ। বিতর্কের কেন্দ্রে দেশের উপকূলীয় অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ১৪০ কোটি ইউরোর বিলাসবহুল রিসোর্ট প্রকল্প।বিতর্কিত প্রকল্প বাতিলের দাবি বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে আলবেনিয়ার রাজধানী তিরানায়। স্থানীয় সময় শুক্রবারও (৫ জুন) রাজধানীতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এ সময় প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সরকার উপকূলীয় এলাকার পরিবেশগতভাবে স্পর্শকাতর একটি অঞ্চল বিদেশি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করছে। এই সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। বিতর্কিত প্রকল্পটি পরিচালনা করছে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স। প্রায় ১৪০ কোটি ইউরো ব্যয়ে নির্মাণাধীন এই রিসোর্টটি আলবেনিয়ার একটি দ্বীপ ও অনুন্নত উপকূলীয় এলাকায় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ওই অঞ্চলটি ফ্লেমিঙ্গো, সিল ও সামুদ্রিক কচ্ছপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। আরও পড়ুন: জেলেনস্কির খোলা চিঠিকে ‘অভদ্র ও রূঢ়’ বললেন পুতিন পরিবেশবাদীদের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কয়েকশ হেক্টর অক্ষত সৈকত ও জলাভূমি ক্ষতিগ্রস্ত হবে। আলবেনিয়ার প্রাণী সংরক্ষণ সংস্থা জানায়, ভিয়োসা-নার্তা অঞ্চলই দেশে ফ্লেমিঙ্গোদের একমাত্র বাসা বাঁধার স্থান। প্রতিবছর প্রায় সাত হাজার ফ্লেমিঙ্গো এই এলাকা দিয়ে যাতায়াত করে। সংস্থাটির আশঙ্কা, প্রকল্পটি এগিয়ে গেলে ভবিষ্যতে এই পাখিগুলো অঞ্চলটি ছেড়ে চলে যেতে পারে। অন্যদিকে প্রকল্প-সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ২০২৪ সালে জ্যারেড কুশনার আলবেনিয়া ও সার্বিয়ায় বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিলেন। আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির তবে বেলগ্রেডে একটি সাবেক সামরিক সদরদফতর পুনর্নির্মাণের পরিকল্পনা জনবিক্ষোভের মুখে গত বছর প্রত্যাহার করা হয়। এবারও পরিবেশ ও উন্নয়নের দ্বন্দ্ব নিয়ে আলবেনিয়ার রাজনীতিতে তৈরি হয়েছে বড় বিতর্ক।
Go to News Site