Jagonews24
১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন মিরা আন্দ্রেয়েভা। রাশিয়ার এই তরুণী ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা তুলে নিয়েছেন। শনিবার রোলাঁ গারোঁয় নারী এককের ফরাসী ওপেনের ফাইনালে আন্দ্রেয়েভা ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন পোল্যান্ডের কোয়ালিফায়ার মাজা খভালিনস্কাকে। ম্যাচটি জিতে আন্দ্রেয়েভা হয়ে গেলেন ১৯৯২ সালের পর ফ্রেঞ্চ ওপেন জেতা সবচেয়ে কম বয়সী নারী টেনিস তারকা। এর আগে মনিকা সেলেস ১৮ বছর বয়সে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছিলেন। বিশ্ব র্যাংকিংয়ের অষ্টম স্থানে থাকা আন্দ্রেয়েভা পুরো টুর্নামেন্টেই ছিলেন দুর্দান্ত ছন্দে। অন্যদিকে ১১৪ নম্বরে থাকা খভালিনস্কা কোয়ালিফায়ার হয়েও ফাইনালে উঠে চমক দেখিয়েছিলেন। তিনি ইতিহাসের প্রথম কোয়ালিফায়ার হিসেবে রোলাঁ গারোঁ জয়ের স্বপ্ন দেখছিলেন, তবে শেষ পর্যন্ত আন্দ্রেয়েভার সামনে থামতে হয় তাকে। জয়ের মুহূর্তে প্রথম ম্যাচ পয়েন্টেই ব্যাকহ্যান্ড ক্রস-কোর্ট উইনার মারেন আন্দ্রেয়েভা। এরপরই ক্লে কোর্টে হাঁটু গেড়ে উদযাপনে মেতে ওঠেন তরুণ এই রুশ তারকা। মাত্র ১৫ বছর বয়সেই টেনিস বিশ্বে আলোচনায় এসেছিলেন আন্দ্রেয়েভা। ২০২৩ সালের মাদ্রিদ ওপেনে তিনি ডব্লিউটিএ ১০০০ টুর্নামেন্টে মূল পর্বের ম্যাচ জেতা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন এবং কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন। তখন থেকেই তাকে ভবিষ্যৎ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে গত কয়েক বছরে কোর্টের বাইরেও নানা বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে আন্দ্রেয়েভাকে। ইউক্রেন যুদ্ধের কারণে রুশ খেলোয়াড়দের নিরপেক্ষ পতাকার অধীনে খেলতে হচ্ছে। সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিউককে হারানোর পর প্রতিপক্ষ তার সঙ্গে করমর্দনও করেননি, যা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় খেলোয়াড়দের নিয়মিত অবস্থান। ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে নিজের কোচ কনচিতা মার্তিনেজকেও ছাড়িয়ে গেলেন আন্দ্রেয়েভা। স্প্যানিশ এই সাবেক তারকা ২০০০ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিলেন। এবার তার শিষ্যই জিতে নিলেন শিরোপা। ফাইনালটি অনুষ্ঠিত হয় রোদঝলমলে আবহাওয়ায়, যদিও বাতাস ছিল বড় একটি ফ্যাক্টর। দুজনেরই এটি ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। ম্যাচের শুরুতেই ডাবল ফল্ট করেন খভালিনস্কা। তবে ধীরে ধীরে আন্দ্রেয়েভা বাতাসের সঙ্গে মানিয়ে নিয়ে প্রতিপক্ষের স্পিন ও ড্রপ শটের জবাব দিতে শুরু করেন। কোর্ট ফিলিপ শাত্রিয়েতে পোলিশ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খভালিনস্কাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় দর্শকরা লাল-সাদা পোলিশ পতাকা উড়িয়ে ‘মা-জা, মা-জা’ স্লোগান দেন। আন্দ্রেয়েভা তুলনামূলক কম সমর্থন পেলেও ম্যাচের শেষ দিকে রুশ ভাষায় ‘দাভাই মিরা!’ ধ্বনি শোনা যায়। এদিকে পুরুষদের ডাবলসে শিরোপা ধরে রেখেছেন শীর্ষ বাছাই মার্সেল গ্রানোয়ের্স ও হোরাসিও জেবায়োস জুটি। তারা ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন হারি হেলিওভারা ও হেনরি প্যাটেনকে। পুরুষ এককের ফাইনালে রবিবার মুখোমুখি হবেন আলেক্সান্ডার জভেরেভ ও ফ্লাভিও কোবোল্লি। আইএইচএস/
Go to News Site