Collector
৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ | Collector
৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ
Jagonews24

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (৭ জুন) সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিতে যান এবং দাবি আদায়ে বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন ইন্টার্ন চিকিৎসকেরা। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতি পালন করা হচ্ছে। ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে কিছু আশ্বাস পাওয়া গেলেও বাকি দাবিগুলোর বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি মেলেনি। তবে কর্মবিরতির মধ্যেও হাসপাতালের চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি করেন সাকিব হোসেন। তার ভাষ্য, ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকলেও ট্রেইনি চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন। এ কারণে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ হাসপাতালের অন্যান্য সেবা চালু রয়েছে। চমেক হাসপাতালে বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি প্রায় ২৯০ জন ইন্টার্ন চিকিৎসক এবং প্রায় এক হাজার ট্রেইনি চিকিৎসক দায়িত্ব পালন করছেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত একটি নীতিমালা জারি করে। এতে কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় নির্দিষ্ট সময় সেবাদান এবং ভাতাসংক্রান্ত কয়েকটি শর্ত অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাদের দাবির মধ্যে রয়েছে গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি আইনকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা। এ ছাড়া বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। এ দাবিতে গত বৃহস্পতিবার থেকে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এদিকে আন্দোলনের মুখে সম্প্রতি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ের নীতিমালা নিয়ে আলোচনার পর উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি বেসরকারি প্রশিক্ষণার্থীদের জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বীকৃত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতার সুযোগও রাখা হয়েছে। তবে বাকি দাবিগুলো পূরণ না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। এমআরএএইচ/এমএমএআর

Go to News Site